Home জাতীয় তৃতীয় ধাপের বিনা ভোটে জয়ী ৫৬৯

তৃতীয় ধাপের বিনা ভোটে জয়ী ৫৬৯

8


ঢাকা অফিস।।


তৃতীয় ধাপে এক হাজার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫৬৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ এবং সাধারণ সদস্য পদে ৩৩৭ জন প্রার্থী রয়েছেন।


নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাতে এই তথ্য জানান। এদিন তৃতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। এসব ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ধাপের নির্বাচনে ২০টি রাজনৈতিক দল চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট পাঁচ হাজার ২২২ জন প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চার হাজার ৪০৯ জন। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০০ জন।

সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১১ হাজার ৬০৯ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১১ হাজার ১০৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৩২ জন।

এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৭ হাজার ৬৯ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩৪ হাজার ৬৩২ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৩৭ জন।

দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত মহিলা পদে ৭৬ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপে তিন পদে মোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন ৩৬০ জন প্রার্থী।

প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ৬৯ চেয়ারম্যান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়। এছাড়া সংরক্ষিত নারী সদস্য ছয় জন ও ৬৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ধাপে তিন পদে মোট ১৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।