সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার বিরুদ্ধে। এরপর খুলনা দুদক অফিসের অফিসার পরিচয় দিয়ে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করে এক যুবক। দুদকে অভিযোগ হয়েছে এবং গ্রেফতার করা হবে এমন কথাও জানানো হয় মোবাইলে। এরপর অভিযোগ খারিজ ও গ্রেফতার এড়াতে বিকাশ, নগদ ও রকেট নম্বরে ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনা। পরবর্তীতে প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে টাকা উদ্ধারে গত ৫ নভেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনার স্বামী ডাঃ আব্দুল্লাহিল কাফী।
মামলার এজাহারে স্বামী ডাঃ আব্দুল্লাহিল কাফী উল্লেখ করেছেন, ২০২১ সালের ৬ জুন স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনার ফোনে ফোন দেয় অজ্ঞাত এক যুবক। নিজেকে খুলনা দুদক অফিসের অফিসার পরিচয় দেয় এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে বলে জানায়। এরপর উক্ত অভিযোগ খারিজ করে দিবে বলে দেখা করতে বলে কিন্ত ৫০ হাজার টাকা দিলে কোন সমস্যা হবে না বলে জানায় এ প্রকারক। আর টাকা নি দিলে স্ত্রীর চাকুরির ক্ষতি ও গ্রেফতার করা হবে এমন কথা বলে ভয় দেখায়। এ অবস্থায় আত্মসম্মানের ভয়ে তার স্ত্রী একটি নম্বরের বিকাশ, রকেট ও নগদ একাউন্টে ১ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন। এরপর পরে জানতে পারেন তিনি ভূয়া দুদক কর্মকর্তা।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৬ নভেম্বর কালীগঞ্জ থানা পুলিশ ময়মিনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পরশিপাড়া গ্রাম থেকে এই ভূয়া দুদক কর্মকর্তাকে আটক করে। আটককৃত এই প্রতারকের নাম মোহাম্মদ শরীফ। সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আটকের পর তার কাছ থেকে ৭৭ হাজার টাকা জব্দ করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ নভেম্বর দৈনিক খুলনাঞ্চাল ও দৈনিক সংবাদে করোনাকালীন সময়ে অর্থ তসরুপসহ বিভিন্ন অনিয়মের খবর কথা তুলে ধরে উভয় পত্রিকার প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় হৈচৈ পড়ে যায় স্বাস্থ্য বিভাগে। এরপর জেলা স্বাস্থ্য বিভাগের তদন্তে টাকা আত্মসাৎ ছাড়াও নানা অভিযোগ প্রমাণ পেয়ে প্রতিবেদন পাঠানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এ নিয়েই সর্বশেষ ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন লুবনাকে বদলি করা হয়।











































