খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয় লেকের ধারে গত ২০ বছর আগে লাগানো সুন্দরী গাছের চারা প্রত্যাশা অনুযায়ী বেড়ে উঠেছে। এগুলো এখন সুন্দরবনের সুন্দরী গাছের মতো স্বাভাবিক উচ্চতায় পৌঁছেছে। ক্যাম্পাসে সুন্দরী গাছ যথাযথভাবে বেড়ে ওঠায় এখানে সুন্দরবনের আরও কয়েকটি প্রজাতির চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে লেকের ধারে সুন্দরবনের কেওড়া, ওড়া ও গোলপাতা গাছের চারা রোপণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকের মাটি, পানি ও পরিবেশে এগুলোর বৃদ্ধি প্রবণতা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার জন্য এ গাছ লাগানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান। আনুষ্ঠানিকভাবে এগুলো রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম ও বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। এসময় বিজিই ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির একাডেমিক প্রধানদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপাচার্যের মতবিনিময়
আজ ০৯ নভেম্বর ২০২১ খ্রি. মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে একাডেমিকসহ কয়েকটি বিষয় নিয়ে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী শিক্ষাবর্ষের টার্ম, সেমিনার লাইব্রেরি, ফার্নিচার ক্রয়, শিক্ষক নিয়োগ-পদোন্নতির ক্ষেত্রে অভীন্ন নীতিমালা ও বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়টি একটি টিমওয়ার্ক। এর অনেক কিছুর সাফল্য নির্ভর করে সম্মানিত শিক্ষকবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর। এক্ষেত্রে তিনি সম্প্রতি অনুষ্ঠিত অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ, গুচ্ছ এবং ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের কথা উল্লেখ করে সকল শিক্ষকের ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতির কারণে একাডেমিক ক্ষেত্রে সৃষ্ট গ্যাপ কাটিয়ে উঠতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে নিয়মিত টার্মের পাশাপাশি এবার সম্প্রতি অনুষ্ঠিত গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণদের একটি ব্যাচ ও আগামী বছর আরেকটি নতুন ব্যাচ একই বছরে ভর্তি হবে। একাডেমিক প্রধানবৃন্দ আগামী শিক্ষাবর্ষের কোর্সলোড নিয়ে মতামত ব্যক্ত করেন। আলোচনা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানগণ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক, আইকিউএসি, সিইটিএল, আইসিটি সেল, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।











































