Home আঞ্চলিক খুমেকের বার্ন ইউনিটে পাঁচগুণ রোগী: চিকিৎসক ও ওষুধের সংকট

খুমেকের বার্ন ইউনিটে পাঁচগুণ রোগী: চিকিৎসক ও ওষুধের সংকট

7

স্টাফ রিপোর্টার।।

খুলনা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে রোগীদের চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। হাসপাতালের ছয়তলা ভবনের সব ফ্লোরে রোগীদের ভিড়। রোববার দুপুর পর্যন্ত ৯৫ জন রোগী ভর্তি হয়েছে। সরকার অনুমোদিত বেড ২০টি। নিজস্ব ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ আরও ১৭টি বেড বাড়িয়েছে। কিন্তু রোগীর চাপ সামলানো যাচ্ছে না। রোববার পর্যন্ত ইউনিটে ধারণ ক্ষমতার প্রায় পাঁচগুণ রোগী ভর্তি ছিল।

হাসপাতাল সূত্র জানায়, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য আইএমও, রেজিস্ট্রার ও অ্যাসিসটেন্ট রেজিস্ট্রার মিলে সাতজন থাকার কথা থাকলেও কোনো পদেই লোক নেই। এমনকি কোনো আইসিইউয়ের ব্যবস্থা নেই। নার্স ১৫-১৬ জন থাকলেও তা খুবই অপ্রতুল। ড্রেসিং মলম ও স্যালাইনের সরবরাহ থাকলেও তা পর্যাপ্ত নয়। রোগীদের চাপ বেড়ে যাওয়ায় চাহিদামতো বেড দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া চিকিৎসকের সংখ্যা কম থাকায় অপারেশনও প্রয়োজনের তুলনায় কম হচ্ছে। আগুনে পোড়া রোগীদের জন্য ড্রেসিং ক্রিমের পরিমাণ, বেডের সংখ্যা ও চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। ৬-৭ বছরে তুলনামূলক বরাদ্দও বাড়েনি।

সরেজমিন ইউনিট পরিদর্শনে দেখা যায়-শিশু, মহিলা, বয়স্কসহ সব ধরনের রোগী রয়েছে। গরম পানি, বিস্ফোরণ, রান্না করতে গিয়ে পুড়ে যাওয়াসহ বিভিন্ন রোগী সেবা নিতে ফ্লোরে মাদুর বিছিয়ে অপেক্ষা করছেন। শনিবার রাতে মোংলার বসুন্ধরা গ্যাসফিল্ডে সিলিন্ডার বিস্ফোরণে ছয় রোগী দগ্ধ হন। তারা হলেন- সাইফুল, তরিকুল ইসলাম, আজিম, ইমরান, নূর আলম ও হাসান শিকদার। তাদের মধ্যে নূর আলম ও হাসান শিকদারকে শনিবার রাতে ঢাকায় পাঠানো হয়। এ ইউনিটে ভর্তি রয়েছে চারজন। বিস্ফোরণে আজিমের মুখ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে চেনার কোনো উপায় নেই।

বার্ন ইউনিটের সামনে আজিমের বোন চুমকি জানান, পাঁচ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস আজিম। অপর রোগী ইমরানের অবস্থাও ভালো নয়। তার শরীরেরও বেশির অংশ পুড়ে গেছে। তার মামাতো ভাই রাতুল জানান, ভাইয়ের কোম্পানি তার চিকিৎসার সব ব্যবস্থা করেছে। সবকিছু তারাই করছে। তিনি জানান, সিলিন্ডারে গ্যাস ভরার সময় লিক হচ্ছিল। কেন গ্যাস যাচ্ছে না এটা দেখতে মুখ বাড়িয়ে দেন ইমরান। এরপরই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুখ, বুক ও হাত সবই পুড়ে গেছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের নার্স ইনচার্জ সবুরা খাতুন বলেন, রোগীদের চাপ বেড়েছে। রোগীদের নিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। নার্সের সংখ্যা ও ওষুধের পরিমাণ বাড়ালে সেবার মান আরও বৃদ্ধি পাবে। সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. তরিকুল ইসলাম বলেন, খুব দ্রুত ইউনিটটি ২০ বেড থেকে ১০০ বেডে উন্নীত করা হবে। তখন আইসিইউ, চিকিৎসক, নার্সসহ সব সংকটের অবসান হবে। তিনি বলেন, বর্তমানে বটিয়াঘাটা উপজেলা থেকে একজনকে নিয়ে এসে চিকিৎসা ও অপারেশনের কাজ করা হচ্ছে।