খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা, ভৌত উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগের চেয়ে অনেক সুসংগঠিত এবং এর পরিসর বৃদ্ধি পেয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখন উচ্চ পর্যায়ে এ অ্যাসোসিয়েশনের সদস্যরা সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের অভিলক্ষ্যে এগিয়ে নিতে অ্যালামনাইদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা অস্বচ্ছল পরিবার থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ব্যয় নির্বাহ তাদের জন্য খুবই কষ্টসাধ্য। এমন মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়াতে পারে।
আজ ০৮ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল উপাচার্যের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ তাদের বিভিন্ন কর্মপরিকল্পনা উপাচার্যকে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ অর্জনে, সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধিতে তাদের পক্ষ থেকে সহযোগিতার কথা ব্যক্ত করেন। ২০২২ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠান করার আগ্রহ ব্যক্ত করে উপাচার্যের সহযোগিতা প্রত্যাশা করেন। উপাচার্য এ ব্যাপারে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল হাসান, সহ-সভাপতি শেখ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন, কোষাধ্যক্ষ শাহরিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক তৌফিক জেনার, ছাত্র বিষয়ক সম্পাদক ড. মোঃ নাজমুস সাদাত, প্রকাশনা সম্পাদক ড. মোঃ নজরুল ইসলাম, সহ-প্রকাশনা সম্পাদক জাবিউল হাসান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম জহির, সদস্য ড. মোঃ আনিসুর রহমান, আবির আহমেদ তালুকদার, ড. মোঃ নাসিফ আহসান, মোঃ তকদিউর রহমান, ড. কাজী মাসুদুল আলম, অ্যালামনাই ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা।
এর আগে সকাল ৮টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির নবীন শিক্ষকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর আয়োজনে ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক মডুউল ওয়ান: টিচিং এন্ড লার্নিং শীর্ষক নবীন শিক্ষকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে গতকাল ৭ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ রবিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন। তিনি শিক্ষকতা পেশায় নিবেদিত হওয়ার ক্ষেত্রে বেশি করে অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ ও আদর্শ শিক্ষক হতে হলে তাকে প্রচুর পড়াশোনা ও গবেষণা করতে হয়। শিক্ষক যদি ভালো না জানেন, ফলে শিক্ষার্থীরাও ভালো জ্ঞান অর্জন করতে পারে না। তিনি শিক্ষকদের মূল্যবোধ, আদর্শ ও নীতি-নৈতিকতার ওপরও জোর দেন।
সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইটিএলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। এসময় প্রশিক্ষক আইকিএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানম, প্রফেসর এ কে ফজলুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আহসান হাবীব উপস্থিত ছিলেন। ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুবিতে ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে উদযাপন
ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে উপলক্ষ্যে আজ ০৮ নভেম্বর ২০২১ খ্রি. বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ড. সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সেমিনার অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম। তিনি মূল নিবন্ধে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কেডিএর বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পিত পরিকল্পনা প্রণয়নে তিনি পরিকল্পনাবিদদের ভূমিকা তুলে ধরেন। তিনি মহানগরী খুলনার উন্নয়নে বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, বিষয়টি এখন খুবই জরুরি হয়ে পড়েছে। তিনি কেডিএর আওতা সম্প্রসারণের সাথে তিনি বিভিন্ন পরিকল্পনা গ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর খুলনা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ ও ডিসিপ্লিনের জ্যেষ্ঠতম শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সেমিনারে পাওয়ার পয়েন্টে ডিসিপ্লিনের কার্যক্রম উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. ফৌজিয়া ফারজানা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মালিহা হাসান। সেমিনারের শুরুতে দিবসটি উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর শুভেচ্ছা বাণী পড়ে শোনানো হয়। এর আগে বেলা ১২টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক র্যালি বের করা হয়।











































