Home খেলাধুলা ইয়ং জনতা ও পঞ্চবীথি ক্রীড়া চক্রের জয়

ইয়ং জনতা ও পঞ্চবীথি ক্রীড়া চক্রের জয়

10

ক্রীড়া প্রতিবেদক।।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জয় পেয়েছে ইয়ং জনতা ক্রীড়া চক্র ও পঞ্চবীথি ক্রীড়া চক্র। সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ইয়ং জনতা ক্রীড়া চক্র ৫ রানে কেকেএসপিকে ও দ্বিতীয় ম্যাচে পঞ্চবীথি ক্রীড়া চক্র ৫৯ রানের বড় ব্যবধানে কাশিপুর ক্রিকেট একাডেমীকে পরাজিত করে।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ইয়ং জনতা ক্রীড়া চক্র নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ৬১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন রাফি। নাদিমের ব্যাট থেকে আসে ২২ রান। দলটি অতিরিক্ত খাত থেকে পায় ৪৭ রান। প্রতিপক্ষের হয়ে শাওন ২টি এবং শোয়েব ও সায়েম একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করতে সমর্থ হয় কেকেএসপি। দলটির হয়ে মঈন সর্বোচ্চ ৪০ রান করেন। ১৪ রান আসে শোয়েবের ব্যাট থেকে। বিজয়ী দলের হয়ে রাফি নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন নাদিম। একটি করে উইকেট নেন অনি ও সাজিদ। বিজয়ী দলের রাফি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে পঞ্চবীথি ক্রীড়া চক্র নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৫ রানের ভালো সংগ্রহ পায়। দলের হয়ে অধিনায়ক হাসিব মাত্র ৩২ বলে ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৮ রান করেন। ৩০ রানে অপরাজিত থাকেন ওয়াসি। ২০ রান করেন তামিম। কাশিপুর ক্রিকেট একাডেমীর হয়ে একটি করে উইকেট নেন মর্ম, তালহা ও তাসিন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৬ রান করতে সমর্থ হয় কাশিপুর ক্রিকেট একাডেমী। সর্বোচ্চ ৩২ রান আসে নূরের ব্যাট থেকে। পঞ্চবীথির হয়ে নয়ন ও তামিম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন প্রান্ত ও হাসিব।