খুলনাঞ্চল ডেস্ক।।
যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরমধ্যে তিনটি তৈরি হবে যুক্তরাজ্যে এবং বাকি দু’টি জাহাজ বাংলাদেশেই তৈরি হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সংগে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে তারা ন্যাভেল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চান। এই বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে ৫টি জাহাজ নেওয়ার ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর মধ্যে ৩টি যুক্তরাজ্য তৈরি করবে এবং দু’টি আমরা করবো। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সংগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন করা হবে বলে ঠিক করা হয়েছে।











































