স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার (৫ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে ৫২ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে এই জয়টি খুবই দরকার ছিল কিউইদের। এখন পরের ম্যাচে জিতলেই সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপ থেকে শেষ চারে পাকিস্তানের সঙ্গী হবে তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১১ রান করতে সক্ষম হয়েছে নামিবিয়া। ১৬৩ রানের জবাবে খেলতে নেমে নামিবিয়ার হয়ে মাত্র চারজন ব্যাটার পেরিয়েছেন দশের ঘর। মাইকেল ভন ২৫, জান গ্রিন ২৩, স্টেফান বার্ড ২১ ও ডেভিড উইজে ১৬ রান করেন। কিউইদের হয়ে নামিবিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামান টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। সাউদি ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। বোল্টও সমানসংখ্যক উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের সংখ্যা ছুঁয়েছেন ছয় ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করেন গ্লেন ফিলিপস। জিমি নিশামের ব্যাট থেকে আসে ৩৫ রান। বাকিদের মধ্যে দুই ওপেনার গাপটিল ১৮ ও ডারিল মিচেল ১৯ রান করেন। কেইন উইলিয়ামসন ২৮ ও ডেভন কনওয়ে স্কোর বোর্ডে যোগ করেন ১৭ রান। সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে এ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ ছিল কিউইদের জন্য।
এবারের আসরের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। তাদের সঙ্গী হওয়ার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে উইলিয়ামসনদের অবস্থান এখন টেবিলের দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। ভারত ও নামিবিয়া ২ পয়েন্ট করে নিয়ে আছে টেবিলের পরের দুটি স্থানে।
আফগানিস্তান ৪ ম্যাচ খেললেও ভারত খেলেছে ৩ ম্যাচ। সে হিসেবে নিউজিল্যান্ড পরের ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে নামিবিয়া এ ম্যাচে হারায় তাদের সেমিফাইনালে যাওয়ার আশা ফুরিয়েছে।
এবারের বিশ্বকাপে নামিবিয়া চমকপ্রদ এক দল। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দুই দলকে হারের তিক্ততা দিয়েছে তারা। সুপার টুয়েলভেও একটি জয় ছিনিয়ে নিয়েছে নবাগত দলটি। স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু হয় তাদের।











































