বেনাপোল প্রতিনিধি ।।
ভারত থেকে আসা তাজুল ইসলাম (৫৭) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করে হাতের আংটিতে ব্যবহৃত ৯ কেজি উন্নতমানের পাথর জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করে পাথরগুলো জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মূল্য সাড়ে ৬ লাখ টাকা ।
যাত্রী চাঁদপুর জেলার সদর থানার বাকেরপুর গ্রামের কাজী জালাল উদ্দিনের ছেলে তাজুল ইসলাম। তার পাসপোর্ট নম্বর-ইএফ-০১৪৩৭৭২৫।
বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, পাসপোর্টযাত্রী তাজুল ইসলাম ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে কাস্টমস তল্লাশী কেন্দ্রে আসার পর তার ব্যাগ দেখে সন্দেহ হয়। পরে ব্যাগটি তল্লাশি করে আংটিতে ব্যবহৃত ৯ কেজি উন্নতমানের পাথর উদ্ধার করা হয়। পাথরগুলো বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।











































