Home আঞ্চলিক মহেশপুর সীমান্তে ৬ অনুপ্রবেশকারীসহ আটক-১৪

মহেশপুর সীমান্তে ৬ অনুপ্রবেশকারীসহ আটক-১৪

6

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ছয় অনুপ্রবেশকারীসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার লেবুতলা গ্রাম থেকে ছয় অনুপ্রবেশকারী ও যাদবপুর ইউপির সোনাডাঙ্গা গ্রাম থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্ঠা করলে সাত জন নারী-পুরুষকে আটক করে বিজিবি।

ছয় অনুপ্রবেশকারীর মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে। একই সময় তাদের সহযোগীতা করার অপরাধে আবুল কালাম নামে এক দালালকে আটক করে। আটক দালাল আবুল কালাম জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নুর হোসেনের ছেলে।

একই দিন ভোরে উপজেলার যাদবপুর ইউপির সোনাইডাঙ্গা গ্রাম থেকে সাত নারী-পুরুষকে আটক করে বিজিবি। তাদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা করছিল।

আটককৃতরা ঢাকা, খুলনা, বাগেরহাট, নড়াইল, ময়মনসিংহ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আটককৃতদেরকে বিরুদ্ধে মামলা করে শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।