Home আঞ্চলিক ৬ শিশুকে বলাৎকারের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

৬ শিশুকে বলাৎকারের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

5

যশোর অফিস ।।

যশোরের অভয়নগরে মোবাইল ফোনে পাবজি গেম খেলতে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় শিশুকে বলাৎকারের অভিযোগে নিজাম আকুঞ্জী (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বুধবার দলীয় পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।

আটক নিজাম আকুঞ্জী গুয়াখোলা গ্রামের মৃত মহির উদ্দিন আকুঞ্জীর ছেলে। তিনি অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

বলাৎকারের শিকার এক শিশুর চাচা জানান, মঙ্গলবার দুপুরে তার ভাইপো (১১) বাড়ির পাশের মসজিদ থেকে ফিরছিল। এসময় নিজাম আকুঞ্জী তার ভাইপোকে পাবজি গেম খেলতে দেয়ার কথা বলে ঘরের মধ্যে নিয়ে বলাৎকার করে। বিষয়টি জানাজানি করলে সমস্যা হবে বলে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে ভাইপো তার বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। পরে ভাইপোর মাধ্যমে তিনি জানতে পারেন আরও পাঁচ শিশুকে একই কৌশলে বলাৎকার করেছেন নিজাম। পরবর্তীতে তার ভাইপোর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পাঁচ শিশুর সঙ্গে যোগাযোগ করলে তারাও নিজাম আকুঞ্জীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করে। বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা নিজামকে আটক করে ৯৯৯ ফোন করে। পরে অভয়নগর থানা পুলিশ নিজামকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মেহেদী ইসলাম রাজন জানান,নিজাম আকুঞ্জীর বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থাকায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।  

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, আটক নিজাম আকুঞ্জীর বিরুদ্ধে প্রথমে পাঁচ ও পরে আরও শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

ওসি আরও জানান, আটক নিজামকে বুধবার যশোর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিম ছয় শিশুকে তাদের পরিবারের সঙ্গে যশোরে সদর হাসপাতালে মেডিকেল চেকআপসহ ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।