সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ১৫ দিন অতিবাহিত হলেও অদৃশ্য কারনে সেই আলোচিত টিসিবি ডিলার শিপন মৃধার নামে এখনও শাস্তি হয়নি। সম্প্রতি পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে সাথে তিনি টিসিবি’র পেঁয়াজ আড়তে বিক্রিকালে স্থানীয়দের ধাওয়ায় তা পন্ড হয়। যে বিষয়টি নিয়ে গত ১৩ অক্টোবর দৈনিক সংবাদ, খুলনাঞ্চালসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগেও ওই ডিলার কয়েক দফা টিসিবি’র পন্য বিক্রি কেলেঙ্কারীতে পড়েন। শাস্তিও ভোগ করেন। বর্তমানে বাজার নিয়ন্ত্রন ও পেঁয়াজের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের যে মহৎ উদ্যোগ তা নষ্ট করেছেন সেই টিসিবি ডিলার শিপন মৃধা। সর্বশেষ ১২ অক্টোবর কালোবাজারে পেঁয়াজ বিক্রিকালে জনগন তাড়া করে পেঁয়াজ উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করে। যা ১৫ দিন পার হলেও তার বিরুদ্ধে কোন শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে গত ১৪ ই অক্টোবর মাসিক আইন শৃংখলা মিটিংয়ে আলোচিত ডিলার শিপন মৃধার শাস্তির জন্য উপস্থিত সকলের মধ্যে হৈ চৈ পরিস্থিতির সৃষ্টি করে। ওই মিটিংয়ে স্থানীয় সাংসদ,উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিডিয়াকর্মি,সকল ইউপি চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই তার শাস্তির পক্ষে বক্তব্য দেন। কিন্ত অদৃশ্য কারনে তার ডিলারসীপ বাতিল হয়নি। বরং তিনি রয়েছেন খোঁশ মেজাজে।
উল্লেখ্য,অভিযুক্ত টিসিবি ডিলার শিপন মৃধার বিরুদ্ধে গত বছর এপ্রিল মাসে টিসিবির পণ্য রাতের আধারে গোডাউন থেকে সরানোর সময় জনতার হাতে ধরা পড়ে। সে সময়ের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে দশ হাজার টাকা জরিমানা করেন। সে দফায় জরিমানা মুচলেকা দিয়ে রক্ষা পান শিপন মৃধা। এরপরে পেয়াজের দাম বাড়লেই গত ১২ই অক্টোবর কালোবাজারে আড়তে পেঁয়াজ বিক্রিকালে স্থানীয়দের তাড়ায় তা পন্ড হয়। এ সময় পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে রক্ষা পায়। ওইদিন ঘটনাস্থলে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার উপস্থিত হয়ে সাড়ে ১৪ বস্তা টিসিবির পেঁয়াজ ও তা বহনকারী পিকআপ জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং কালীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও টিসিবি জেলা প্রতিনিধিকে নিয়মিত মামলার দায়েরের নির্দেশ দেন। তবে আশ্চর্য্যরে বিষয় সেদিন উত্তোলিত সাড়ে ১৪ বস্তা পেঁয়াজ জনগন উদ্ধার করলেও বাকি ৩’শ কেজি ডাল,৪’শ লিটার তেল,৩’শ কেজি চিনির এখনও কোন হদিস মেলেনি। কয়েকদফা টিসিবি’র পন্য বেচাকেনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও এখনও তার ডিলারসীপ বাতিল হয়নি।
টিসিবির জেলা প্রতিনিধি মোঃ সেহেল রানা জানান, শিপন মৃধার ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার জন্য সুপারিশ করে ইতোমধ্যে ঢাকা হেড অফিসে আমারা চিঠি পাঠিয়েছি।
নিয়মিত মামলার ব্যাপারে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, টিসিবির কোনো কর্মকর্তা এ ব্যাপারে বাদি হয়ে এখনো মামলা করেননি। তাই মামলা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, গত ১২ই অক্টোবর টিসিবির মালামাল জব্দ করে সংগীয় এসআই আশিকুল এর জিম্মায় প্রদান ও নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছিলো পরে কি হয়েছে তা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভালো বলতে পারবেন।











































