স্টাফ রিপোর্টার ।।
প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া এফএম অহিদুজ্জামান পেয়েছেন খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অনতিবিলম্বে ওই নেতাকে স্থায়ী বহিষ্কার করে নৌকার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান।
তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান জানান, অহিদুজ্জামান সৌদি আরবে থাকতেন। ২০০৮ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।
তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ওবায়দুল্লাহ বাবু বলেন, গত ১৯ জুলাই তেরখাদায় একটি সমাবেশে অহিদুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন। যার আলোকে গত ২৬ জুন জেলা আওয়ামী লীগের সভায় এফএম অহিদুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়। এ সময় স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেন নেতারা। এত কিছুর পরও সেই বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, মনোনয়ন তালিকায় তার নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে মনোনয়ন পেলেন সেটি আমরা জানি না। পার্লমেন্টারি বোর্ড যেটি ভালো বুঝেছেন সেটিই করেছেন।
এ বিষয়ে এফএম অহিদুজ্জামান বলেন, কেন্দ্র আমার ওপর সন্তুষ্ট বলেই মনোনয়ন দিয়েছেন। আমি আওয়ামী লীগ করি সেই দলের সম্মান ধরে রাখতে জনগণের জন্য কাজ করে যাব।










































