Home আঞ্চলিক নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

5

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়ায় নওশের শেখ নামে (৬৫) এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ধানখেতে ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখকে (৩৫) ওইদিন বিকেলে চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নওশের শেখ শুক্রবার দুপুরে বিলের মধ্যে ধানের পরিচর্যা করছিলেন। সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নওশেরকে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে মুখসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সরুশুনা গ্রামের মতিয়ার মোল্লা ঘটনাটি দেখে নিহতের পরিবারকে জানান।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রায়ই তর্ক-বির্তকে জড়িয়ে যেতেন। কোনো কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ফারুক মানসিক সমস্যাগ্রস্থ বলে দাবি করেছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।