>>জনউদ্যোগ,খুলনার মানববন্ধনে বক্তারা
খবর বিজ্ঞপ্তি।।
আমাদের দেশে প্রতিবছর নানা অজুহাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির চেষ্টা করা হয়। যারা এই ঘৃণ্য কাজটি করে তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান নয়। তাদের একটাই পরিচয়-ওরা দুষ্কৃতকারী,ওরা আঁধারবাসী অশুভ প্রাণী। গত ১৩অক্টোবর কুমিল্লার একটি পুজামন্ডপে পবিত্র কোরান রেখে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়তারা করা হয়েছে।এই অশুভচক্রটিকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বছরের পর বছর ধরে সাম্প্রদায়িকতাকে বিভিন্ন গোষ্ঠী নানা কৌশলে লালন করে আসছে। কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরেই কেবল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সক্রিয় হয়। এতে সে ঘটনাটিকে সামাল দেয়া যায় মাত্র। কিন্তু তাতে স্বজন ও সম্পদ হারানো মানুষের কিছু যায় আসে না। সাম্প্রদায়িকতাকে দমন করতে প্রতিক্রিয়ামূলক নয় প্রতিরোধী কার্যক্রম সারাবছর রাখতে হবে। দুর্নীতি দমন কমিশনের আদলে একটি “সাম্প্রদায়িকতা দমন কমিশন” স্থাপন করতে হবে। উচ্চক্ষমতা সম্পন্ন এই কমিশনের মূল দায়িত্ব হবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির কারণগুলো চিহ্নিত করে সেগুলো দূর করে আইনী পদক্ষেপ গ্রহণ করা। সংঘটিত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা।জনসাধারণের দায়ের করা অভিযোগের দ্রুত তদন্ত করা। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার মানববন্ধনে বক্তারা।
আজ শুক্রবার বেলা ১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে জনউদ্যোগ,খুলনার উদ্যোগে কুমিল্লাসহ সারাদেশে সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সবাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাখ সেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক আবুল ফজল, খুলনা চেম্বার অব কর্মার্সের পরিচালক গোপী কিষাণ মুদ্ধঢ়া, জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: রুহুল আমিন, জাসদ নেতা রফিকুল ইসলাম খোকন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দিলু,নিরাপদ সড়ক চাইএর মহানগর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব, খুলনা উন্নয়ন ফোরামের মোসাদ্দেক হোসেন বাবলু, বাংলাদেশ মহিলা পরিষদের ইসরাত আরা হীরা, বাসদের কোহিনুর আক্তার কণা,ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহাবুব আলম বাদশা, রতন কুমার মিত্র, তরুণ কান্তি ভূষণ, জনউদ্যোগ যুব য়োরামের সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন,বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মধ্যে যে সম্প্রীতি তা কি আজ ফিকে হয়ে আসছে? আমরা কি আবারো পারি না ভালোবাসা দিয়ে একে অপরকে সম্প্রীতির বাঁধনে বাঁধতে! মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু- মুসলমান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানটি সব সময়ই গাইতো ।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হলে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি স্তরকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। এছাড়া দেশের প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে একসঙ্গে কাজ করলে অসাম্প্রদায়িক কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এ ব্যাপারে গণমাধ্যমেরও ভূমিকা আছে। আরেকটি বিষয় হলো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হলে সকল ধর্মের সবাই মিলে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। নেতৃবৃন্দ নতুন প্রজন্মের কাছে আবেদন করে বলেন, তারা যেন ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলে, স্থাপন করে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।











































