Home আঞ্চলিক মহেশপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এনজিও কর্মী নিহত

মহেশপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এনজিও কর্মী নিহত

6

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

পুজোয় ছুটি পেয়ে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেবদাস মন্ডল নামের এক ব্র্যাকের এনজিও কর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার পৌর এলাকার চড়কতলা ৪ রাস্তা মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত দেবদাস মন্ডল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আরপান গাছিয়া গ্রামের নিতাই মন্ডলের ছেলে।

স্থানীয় ইউনুছ নামের এক ব্যক্তি জানান, সকাল ছয় টার দিকে পাঁচমাথার ওদিক থেকে ব্র্যাক এনজিও কর্মী মোটরসাইকেলে করে আসছিলেন। পথিমধ্যে চড়ক তলা মোড়ে এসে পৌঁছালে মহেশপুর শহর থেকে যাদবপুর গামী একটি ট্রাক যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা থেঁতলে যায় বলেও তিনি জানান।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, পুজোর ছুটি পেয়ে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফেরার পথে সকাল ৬টার দিকে মহেশপুর পৌর এলাকার চড়ক তলা ৪রাস্তার মোড়ে ট্রাক-মোটসসাইকেল দুর্ঘটনা ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।