খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ রেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব।
মঙ্গলবার (১২ অক্টোবর) নগরীর ধর্মসভা, ডেল্টাঘাট, সোনাপট্টি, সাহেবের কবর খানা, শান্তিধাম মোড় ও শীতলাবাড়ি পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। দেবী দুর্গা আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অশুরকে পরাজিত করার জন্য, অন্যায়কে পরাজিত করার জন্য, নির্যাতন-নিপীড়নকে পরাজিত করার জন্য, সত্য-সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য এবং তিনি (দেবী দুর্গা) পরাজিত করেছিলেন সেই অশুরকে, অসত্যকে, অসুন্দর ও অন্যায়কে। সেজন্য এই পূজা সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। মঞ্জু আরও বলেন, যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। সকল ধর্মের মর্মবানী শান্তি ও মানব কল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অশুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপুজার উৎসবের আনন্দ সকলে মিলে ভাগ করে নিতে হবে। সব ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রতিবদ্ধ। বিএনপি ‘সংখ্যাগুরু-সংখ্যালঘু’ তত্ত্বে বিশ্বাস করেনা। সবাই বাংলাদেশি-এটাই হোক আমাদের বড় পরিচয়। পুজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এড. বজলার রহমান, আনোয়ার হোসেন, নাজির উদ্দীন নান্নু, শাহাবুদ্দিন মন্টু, আব্দুল জব্বার, নাসির খান, রবিউল ইসলাম রবি, জাকারিয়া হোসেন লিটন, মাজেদা খাতুন, জামাল উদ্দীন মোড়ল, হাবিবুর রহমান কাজল, সাজ্জাত হোসেন জিতু, মাসুদ রেজা, কাওসারী জাহাজ মঞ্জু, মোহাম্মদ আলি, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, জাকির হোসেন, লাকি আক্তার, আবু জাফর, তুহিন ইসলাম, হাসান বাপ্পী, কামাল হোসেন, মাসুদ, ইউনুস, শাহিন, রফিক প্রমুখ।











































