Home খেলাধুলা ম্যাচ শেষে গ্যালারিতে হাঁটু গেড়ে বান্ধবীকে প্রোপোজ ভারতীয় ক্রিকেটারের

ম্যাচ শেষে গ্যালারিতে হাঁটু গেড়ে বান্ধবীকে প্রোপোজ ভারতীয় ক্রিকেটারের

17

 স্পোর্টস ডেস্ক ।।

খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে আইপিএলের মাঝে কোনও ভারতীয় ক্রিকেটার ভরা গ্যালারির সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এমন ছবি নিতান্ত অপরিচিত। দুবাইয়ে সেই দৃশ্যের অবতারণা করলেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার। খবর হিন্দুস্তান টাইমসের।

চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন বান্ধবীকে। এতদিন গ্যালারিতে দর্শকদের এমন কাণ্ড দেখেছেন অনেকেই। তবে চাহার সেই চিত্রনাট্যে চমক আনলেন বলা যায়।

স্বাভাবিকভাবেই চাহারের প্রস্তাবে সম্মতি জানান তার বান্ধবী। দীপকের এমন বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আইপিএলের  অফিসিয়াল টুইটার পেজেও চাহারের বান্ধবীকে হাঁটু গেড়ে বসে প্রোপোজ করার ভিডিও পোস্ট করা হয়। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে দীপককে অভিনন্দন জানিয়ে ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

পরে দীপক নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন এমন স্মরণীয় মুহূর্তের ছবি। যদিও চেন্নাই এদিন ম্যাচ হেরে বসে পাঞ্জাব কিংসের কাছে। জিতলে নিঃসন্দেহে এমন মুহূর্ত বাড়তি উচ্ছ্বাসের হয়ে উঠত চেন্নাই সুপার কিংসের কাছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, চেন্নাই সমর্থকরা দীপক চাহারকে শুভেচ্ছা জানালেও নেটিজেনদের একাংশের অবশ্য দলের হারের দিনে তারকা পেসারের এমন আচরণ পছন্দ হয়নি। ফলে তাঁরা কটাক্ষ করতেও ছাড়েননি চাহারকে।