Home আঞ্চলিক ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে পুলিশ সদস্যের ধর্ষণ চেষ্টা, মামলা অতঃপর…

ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে পুলিশ সদস্যের ধর্ষণ চেষ্টা, মামলা অতঃপর…

18

খুলনাঞ্চল রিপোর্ট ।।

২০১৯ সালে স্কুল শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার (ছদ্মনাম) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় পুলিশ সদস্য খালিদ হাসান সোহানের। এরপর প্রেমের সম্পর্ক। সেই সুবাদে ফেসবুকে চ্যাটিং ও ভিডিও কলে কথা হতো তাদের। এসময় ছাত্রীর বেশকিছু ছবি ব্যক্তিগত ছবি নেওয়া এবং পরে তা ফাঁসের ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা চালান পুলিশ সদস্য সোহান। না হলে তার (সোহান) কাছে থাকা ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে ওই ছাত্রী এসব বিষয় তার পরিবার জানায়। পরিবারটি এসব বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তাদেরকে নানান হুমকি-ধমকি দেওয়া হয়।

পরে ভুক্তভোগী পরিবারটি সোহানের বিরুদ্ধে খুলনার একটি আদালতে মামলা করেন। মামলার পর পুলিশ কনস্টেবল সোহানের মা ওই ছাত্রীর পরিবারের নামে মাদক আইনে মিথ্যা মামলা করেন এবং তার ছেলের নামে মামলা তুলে নিতে হুমকি দেয়। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন।

জানা গেছে, বর্তমানে অভিযুক্ত এই পুলিশ সদস্য ঝিনাইদহ জেলা পুলিশে কর্মরত। একাধিক মামলা থাকলেও তার বিরুদ্ধে বাহিনীর পক্ষ থেকে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। বহাল তবিয়তে থাকায় প্রতিনিয়ত ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে পুলিশ কনস্টেবল ও তার সাঙ্গপাঙ্গরা।

জেলা পুলিশ বলছে, পুলিশের এই সদস্যকে অফিসিয়াল সব কার্যক্রম থেকে স্থগিত করা হয়েছে। আর ভূক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের বিষয়টি তদন্তের শেষ পর্যায়ে। নাম প্রকাশ না শর্তে ভুক্তভোগী ওই ছাত্রীর মা পূর্বপশ্চিমকে বলেন, ‘২০১৮ সালে তার স্বামী মারা যান। পরের বছর তার স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে পুলিশ সদস্য সোহানের পরিচয় হয়। ফেসবুকে তাদের প্রায় কথাবার্তা হতো। সেখান থেকে প্রেমের সম্পর্ক হয়। এসময় সোহান ফেসবুকের মাধ্যমে আমার মেয়ের কিছু ব্যক্তিগত ছবি নেয়। তার কাছে এসব ছবি থাকায় প্রায় অনৈতিক সম্পর্ক করতে চাপ দিতে থাকে। প্রথমে আমার মেয়ে এবিষয়ে কাউকে কিছু বলেনি। বেশির ভাগ সময় চুপচাপ থাকত এবং খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল। একসময় সে অসুস্থ হয়ে পরলে, আমাকে সবকিছু জানায়।’

ওই নারী বলেন, ‘বিষয়টি নিয়ে আমি স্থানীয় অনেকের কাছে গিয়েছি, কেউ সহযোগী করেনি। উল্টো সবাই সোহানের (পুলিশ কনস্টেবল) পক্ষ নিয়েছে। পরে আমি সোহানকে বোঝায়। এও বলেছি, প্রয়োজনে আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দিবো, তারপরও যেন তার কাছে থাকা সব ছবি ডিলিট করে দেয়। কিন্তু আমার কথা না শুনে উল্টো আমার দুই ছেলেকে হত্যার হুমকি দেয় সোহান। আবার একাধিকবার মারধর করে। বিশেষ করে খুলনার বিএল কলেজের পেছনে নিয়ে আমার ছোট্ট ছেলেকে মারধরের ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা করি। স্থানীয় থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছে। মারধরের ঘটনায় সোহানের সম্পৃক্ততা পেয়েছে থানা পুলিশ। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’

ভূক্তভোগী ওই ছাত্রী জানান, তার ভাইকে মারধরের ঘটনায় সোহানসহ অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়। সেই মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দিয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। এই মামলার পর অভিযুক্ত সোহানের মা শামীমা ইয়াসমিন আমার মা ও দুইভাইদের নামে সন্ত্রাসী ও মাদক আইনে মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা তাদের অভিযোগের সত্যতা পায়নি। বর্তমানে সেই মামলাও আদালতে বিচারাধীন।’

‘এরপর সোহান ও তার বন্ধ্রুা আমাদের বিভিন্নভাবে হয়রানী করতে থাকে। মানসম্মানের ভয়ে আমরা বাড়ির বাইরে যেতে পারি না। পরবর্তীতে গতবছর নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করি। মামলাটি তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।’

এদিকে ভূক্তভোগী পরিবারের দেওয়া অভিযোগের বিষয়টি তদন্ত করছে ঝিনাইদহ জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, ‘পুলিশের এই সদস্য যে পেশাদারিত্ব ভেঙেছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমদের কার্যক্রম একে বারে শেষ পর্যায়ে। সাক্ষ্য প্রমাণও শেষের দিকে। অল্পকিছুদিনের মধ্যে তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া।’

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনস্ এ রাখা হয়েছে। আর অফিসিয়াল সব কার্যক্রম থেকে তাকে স্থগিত করা হয়েছে।’

অন্য এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, ‘ফৌজদারি মামলায় আদালত যে রায় হবে সে অনুযায়ী তাকে (সোহান) সাজা ভোগ করতে হবে। আমাদের শাস্তিটা তাকে আলাদা পেতে হবে।’