ঢাকা অফিস ।।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দেড় মাস অবস্থানের পর ঢাকায় ফিরেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘কোনও পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র ‑ কোনও কিছুর জন্য রাজনীতিতে আসিনি।’
সোমবার (৪ অক্টোবর) বিকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। এখন দেশে চরম সংকট চলছে, মানুষের কোনও অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবো।’
তিনি বলেন, এই ঢাকার মাটিতে আমার জন্ম, এই ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয় ঢাকার রাজপথেই আমি মরবো। এসময় ঢাকার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।











































