কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ইউনিয়নের প্রতিটি গ্রামে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যা অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগানো হচ্ছে।
চাঁদগ্রাম নামের এই ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এসব ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে।
জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করেছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো।
এমন উদ্যোগে ইউনিয়নবাসী খুশি। ক্যামেরা সংযোজনের কাজ ভালোভাবে শেষ হয়েছে বলে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবু বলেন, ‘ইউনিয়নের মধ্যে অপরাধ প্রবণ এলাকা, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড় বাছাই করা হয়েছে। সেসব স্থানে আগে ৬৫টি ক্যামেরা লাগানো হয়েছে। পুরো ইউনিয়নকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হয়েছে।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘একদিকে ইউনিয়নকে ডিজিটালে রূপ দেওয়া, অপরদিকে চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করার জন্য ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করেছি।











































