খুলনাঞ্চল রিপোর্ট।।
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান।
মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, শরণার্থী শিবিরে এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি-দাওয়া তুলে ধরার প্রচেষ্টায় কাজ করতো তাঁর এই সংগঠন।
বিবিসি বাংলা’র প্রতিবেদনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ’র সম্পর্কে বিস্তারিত উঠে এসেছে। বাস্তুচ্যুত অন্য রোহিঙ্গাদের সংগেই ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ মিয়ানমারের রাখাইনের প্রদেশের মংডু টাউনশিপের বাসিন্দা। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করার পর প্রাণ রক্ষার্থে তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসেন এবং সীমান্ত অতিক্রমের পর আশ্রয় নেন কক্সবাজারের উখিয়া ক্যাম্পে।
কক্সবাজারের সাংবাদিক তোফায়েল আহমেদ বিবিসিকে বলেন, মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় আট লাখ রোহিঙ্গা শরণার্থী। বাস্তুচ্যুত এই রোহিঙ্গাদের জন্য সেসময় একজন গ্রহণযোগ্য নেতার অভাব ছিলো। গত কয়েক বছর ধরে সেই অভাব পূরণ করেছিলেন মুহিবুল্লাহ। তিনি মানুষের সংগে কথা বলতেন খুব গুছিয়ে, মানুষকে বোঝানোর শক্তিটা তাঁর খুব প্রবল ছিলো। আরাকানের মূল সমস্যা, রোহিঙ্গাদের জাতিগত সমস্যা, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো সবই তিনি রোহিঙ্গাদের বুঝিয়ে বলতে পারতেন।
এই সাংবাদিক আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীর ঢল যখন বাংলাদেশে আসে, তখন আন্তর্জাতিক সংস্থার যেসব প্রতিনিধি ও কর্মকর্তা রোহিঙ্গা শিবিরগুলোতে গিয়েছিলেন, তখন তাদের সংগে কথা বলার মতো একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। তিনি ছিলেন একজন সুবক্তা।
তিনি বলেন, ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার কুতুপালং শিবিরের ফুটবল মাঠে কয়েক লাখ রোহিঙ্গার গণহত্যাবিরোধী যে মহাসমাবেশ হয়েছিলো, তা সংগঠিত করেছিলেন মুহিবুল্লাহ। তাঁর ডাকেই অনুষ্ঠিত হয়েছিল সেই বিশাল সমাবেশ। আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমরা সেই সময় জানতে পেরেছিলাম, সেখানে পাঁচ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়েছিলেন এই মুহিবুল্লাহ। সেই সমাবেশের পর থেকেই তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন।
গণহত্যাবিরোধী ওই সমাবেশ বিশ্ববাসীর নজর কেড়েছিলো। ওই সমাবেশের লক্ষ্য ছিলো রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয় এবং তাদের মিয়ানমারে ফেরত যাবার ক্ষেত্রে শর্তগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
শুধু রোহিঙ্গা শিবিরের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রোহিঙ্গাদের প্রতিনিধি হিসাবে তাঁর নাম ছড়িয়ে পড়েছিলো। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখার জন্য ২০১৯ সালে আমন্ত্রিত হয়েছিলেন মুহিবুল্লাহ। সেসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সংগে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসেও আমন্ত্রণ জানানো হয়েছিলো তাঁকে।
সাংবাদিক তোফায়েল আহমেদ বলেন, আমরা জানতে পেরেছিলাম তিনি সেসময় ট্রাম্পকে রোহিঙ্গাদের সমস্যার কথা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছিলেন।
রোহিঙ্গা শিবিরে আগে যেসব নেতাদের নাম শোনা গেছে তাদের সম্পর্কে সময়ে সময়ে কিছু নেতিবাচক কথাবার্তা শোনা গেলেও মুহিবুল্লাহ সম্পর্কে কখনও কোনো নেতিবাচক মন্তব্য আসেনি বলে জানিয়েছেন সাংবাদিক তোফায়েল আহমেদ।
তিনি বলেন, মুহিবুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন সময়ে যেসব তথ্য দিতেন, দেখতাম সেগুলো প্রায় সঠিকই থাকতো। নির্ভরযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং তাঁর প্রতি আস্থা রাখা যেতো। সাধারণ রোহিঙ্গাদের সংগে যখন আমরা কথা বলেছি, তারাও বলেছেন একমাত্র মুহিবুল্লাহই আমাদের নেতা- মুহিবুল্লাই আমাদের মা-বাবা।
রোহিঙ্গা শিবিরের মধ্যে যতোরকম সমস্যা হতো, সেগুলো তিনি ‘ভালভাবে সমাধান’ করতে পারতেন বলেই সাধারণ রোহিঙ্গারা বলেছেন। এসব কারণেই তাঁর জনপ্রিয়তা ছিলো তুঙ্গে। শিবিরের রোহিঙ্গারা বলতেন তিনিই তাদের পথপ্রদর্শক, বলেন তোফায়েল আহমেদ।
তিনি বলেন, আন্তজার্তিক আদালতে রোহিঙ্গাদের হয়ে মামলা মোকদ্দমা লড়ার পেছনে মুহিবুল্লার ভূমিকা অনন্য বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন। আন্তর্জাতিক আদালতের কাছে রোহিঙ্গাদের নির্যাতনের তথ্য, ২০১৭ সালে মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের গণহত্যার যেসব তথ্য তিনি সরবরাহ করেছেন, সেসব কারণেই রোহিঙ্গাদের কাছে তাঁর জনপ্রিয়তা বেড়ে যায়।”
তোফায়েল আহমেদ জানান, মুহিবুল্লাহর ঘনিষ্ঠজনদের কাছ থেকে তাঁরা শুনেছেন যে, বিভিন্ন দেশ থেকে প্রায় সময়েই তাঁকে মোবাইলে বলা হতো যে ‘তোমাকে আমরা শেষ করে দেবো।’
এমনকি রোহিঙ্গা শিবিরে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তারাও তাঁকে হুমকি দিতো। কিন্তু সেই হুমকি তিনি উড়িয়ে দিতেন। তাঁর একটা শক্তি ছিলো যে, সাধারণ মানুষ তো তাঁর পক্ষে আছে’, জানান সাংবাদিক তোফায়েল।
এই সাংবাদিক জানান, এই হুমকি তিনি সবসময় অগ্রাহ্য করে বলতেন ‘আমি তো রোহিঙ্গাদের সমস্যা নিয়ে কথা বলছি, আমরা তো আমাদের কোওম (দাবি) নিয়ে কথা বলছি, আমাকে কেন তোমরা মারবা- আমাকে কেন হত্যা করবা- আমি তো ব্যক্তিগতভাবে আমার জন্য কিছু করছি না।’
তিনি মনে করেন এই হুমকি অগ্রাহ্য করার মূল্য তাঁকে দিতে হলো জীবন দিয়ে।











































