মিলি রহমান ।।
রাতের খাবারের এবং ব্রেকফাস্টের মধ্যে দীর্ঘ সময়ের বিরতি থাকে। তাই সকালে ঠিকঠাক খাবার খাওয়া খুব জরুরি। কারণ খালি পেটে সঠিক খাবারই আমাদের দিনভর হজম ক্রিয়া ঠিক রাখে। তাই দেখে নিন, সকালে উঠে কোন খাবার দিয়ে দিনের শুরু করবেন।
তাজা ফল
অনেকের মধ্যেই এই ভুল ধারণা আছে যে ফল কখনই খালি পেটে খেতে নেই। খেলেই অ্যাসিড হয়। তাই দুপুরে খাওয়ার পর ফল খাওয়া উচিত। কিন্তু এই ভাবনা একেবারেই ভুল। ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, ফাইবার ও পানি থাকে। মোট কথা ফল পুষ্টিতে পূর্ণ। তাই সকালে খালি পেটে একটা আপেল কিংবা ন্যাশপাতি, কলা, শসা, পেঁপে যাই খাওয়া হোক না কেন তা শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সেই সংগে শক্তি উৎপন্ন করে। যার ফলে ওজনও কমে এবং দিনভর কাজের পরও ক্লান্তি আসে না।
ভেজানো আমন্ড
আমন্ডের মধ্যে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা-৩, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে আমন্ড খেলে তার অনেক উপকার।
ডিম
খালি পেটে একটা ডিম সেদ্ধ খেতে পারলে অনেক উপকার। স্টাডি বলছে, যখন আপনি সকালে উঠে একটা ডিম সেদ্ধ খাবেন তখন কিন্তু দিনের মোট খাবারের থেকে একটা ভালো পরিমাণ ক্যালোরি যায় আপনার শরীরে। যার ফলে দিনভর তেমন ক্যালোরির চাহিদা থাকে না। এতে ফ্যাটও ঝরে তাড়াতাড়ি।
গরম পানি এবং মধু
সকালে খালি পেটে গরম পানিতে লেবু অনেকেই পান করেন। কিন্তু শুধু যদি মধু দিয়ে খান তারও উপকার অনেক। মধুর মধ্যে শরীরের প্রয়োজনীয় খনিজ, ভিটামিন, উৎসেচক থাকে। যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। খালি পেটে খেলে মেটাবলিজম রেট বাড়ে। শরীর থেকে টক্সিন বের হয়। এবং যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিক থাকে।
ওটমিল পরিজ
ব্রেকফাস্টে ওটস অনেকেই খান। কেউ দুধ দিয়ে কেউ আবার টক দই দিয়ে। কিন্তু যদি পরিজ বানিয়ে নিতে পারেন তাহলে তা শরীরের জন্য ভালো। গরম পানিতে ওটস সংগে পাকা কলা দিয়েই বানাতে পারেন পরিজ। এরফলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা থাকবে নিয়ন্ত্রণে। কমবে কোলেস্টেরল। পরিজ বানাতে আগে শুকনো কড়াইতে ওটস নেড়ে নিন। এবার তার মধ্যে দু’কাপ পানি দিন। এবার কিছুটা ঘন হলে হাফ কাপ দুধ দিন। এবার দু’চামচ চিনি বা মধু দিন। বেশ ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে উপরে আমন্ড, কাজু ছড়িয়ে খান। ইচ্ছে হলে কলা, আপেল দিতে পারেন।
পেঁপে ও তরমুজ
পেঁপে ও তরমুজের মধ্যে ফ্যাটের লেশমাত্র নেই। কিন্তু পুষ্টিতে ভরপুর। সেইসংগে ওজনও কমায় খুব তাড়াতাড়ি। তাই সকালে উঠে একবাটি পেঁপে কিংবা তরমুজ খেলে দিনভর শরীর থাকবে তরতাজা।











































