স্টাফ রিপোর্টার।।
রামপাল উপজেলার ২ নং উজলকুড় ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান খাজা মইন উদ্দিন আক্তার এর খুনি বাবুল কাজীকে গ্রেফতার ও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবীতে এক সংবাদ সম্মেলন করেন নিহতের স্বজনরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত চেয়ারম্যানের শশুর আলহাজ্ব মো. সাহেব আলী আকুন্জী। এ সময় উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী চম্পা বেগম, তার ভাই সিরাজুল ইসলাম, মো. বাবলা ও তার ভায়রাভাই ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাহেব আলী আকুন্জী জানান, গত ইং– ১৪–০২–২০১৯ সালে জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আক্তার কে বোমা মেরে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা করি। মামলাটি বর্তমানে বাগেরহাটের পিবিআই এর পরিদর্শক শেখ শহিদুল ইসলাম তদন্ত করছেন। দীর্ঘ পৌনে ৩ বছর ধরে ওই কর্মকর্তা তদন্ত করে আজও অভিযোগ পত্র দাখিল করতে পারেননি। তদন্ত কর্মকর্তা মামলার অন্যতম আসামী কাজী আসাফুজ্জামান বাবুল ওরফে বাবুল কাজী জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সে ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা বাগেরহাটের পুলিশ সুপার মহোদয়ের কাছে অভিযোগ করলেও কোন প্রতিকার পাইনি। উল্টো বাবুল কাজী আমার বাড়িতে গিয়ে আমাকে হুমকি দিয়ে বলেছে মামলা তুলে না নিলে আক্তারের মতো আমাকেও জীবনে শেষ করে ফেলার হুমকি দিচ্ছে। আমি এক মাস পূর্বে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন ও জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। কিন্তু কোন সুফল পাইনি। আমরা যাতে নিরাপত্তা, বাবুল কাজীকে আটক ও মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ আইনি সহায়তা পেতে পারি তার জোর দাবী করছি।











































