বেনাপোল প্রতিনিধি ।।
ভারত ২ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ১২ বাংলাদেশী কিশোরী । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশনে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভালো কাজের আশায় ভারতে গিয়ে আটক হয় এসব কিশোরী।
ফেরত আসা কিশোরীরা হলেন, যশোরের শিরিনা বিশ্বাস (১৬) আঞ্জুমান সুমি (১৫),ফরিদপুরের মৌসুমি আক্তার (১৫) চট্রগ্রামের রিয়া আক্তার (১৬),শ্রীপুরের সোহাগী আক্তার মিম (১৪) খাগড়াছড়ির জাকিয়া আক্তার(১৫) ও সুনামগঞ্জের সুমা আক্তার (১৬)। গত দু বছর আগে দালালদের খপ্পরে পরে এরা ভারতে পাচার হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ভাল কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র এসব কিশোরীদের দুই বছর আগে ভারতে পাচার করে। পাচারকারীদের ভাল কাজ না দিয়ে মুম্বাই শহরে ঝুকিপূর্ণ কাজে ব্যবহার করে দালালরা। খবর পেয়ে ভারতীয় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের ২ বছরের কারাদন্ড প্রদান করে জেলে প্রেরন করেন। সাজার মেয়াদ শেষে ভারতীয় একটি এনজিও সংস্থ্যা তাদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে এসব তরুনীদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোরে তাদের শেল্টার হোমে নিয়ে গেছে।
তিনি আরও জানান, বর্তমান কোভিড পরিস্থিতির কারনে নিরাপত্তার কথা ভেবে তরুনীদের যশোর গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হবে। কোয়ারেন্টাইন শেষে তাদেরকে আইনী সহয়তাসহ কর্মসংস্থানের বিষয়ে সহযোগীতা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।











































