Home আঞ্চলিক মোড়েলগঞ্জে বিদ্যালয়ের ২ লাখ টাকা মূল্যের ১৭টি গাছ কেটে বিক্রির অভিযোগ

মোড়েলগঞ্জে বিদ্যালয়ের ২ লাখ টাকা মূল্যের ১৭টি গাছ কেটে বিক্রির অভিযোগ

6

মোড়েলগঞ্জ  প্রতিনিধি।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে পল্লীর একটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরের দুই লাখ টাকা মূল্যের ১৭টি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতি গাছগুলো কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, জিউধরা ইউনিয়নের সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে সিমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। ওই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি ১৭টি চাম্বল গাছ কেটে আংশিক বিক্রি করে ফেলেছেন। তবে কাটা গাছের কয়েকটি টুকরা দৃষ্টিগোচর হয়েছে। এ ছাড়া অনেকগুলো গাছ কাটার চিহ্ন দৃশ্যমান রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর নির্মানে বাধা হওয়ায় কিছু গাছ কাটা হয়েছে। গাছগুলো ঝড়, বন্যায় ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। এর কিছু গাছ থেকে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ দুটি কক্ষ মেরামত ও কয়েকটি বেঞ্চ বানানো হবে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. ইউসুব আলী মৃধা বলেন, ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গাছ কাটা হয়েছে।

এ ব্যাপারে বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, কতগুলো গাছ কাটা হয়েছে? কিভাবে কাটা হয়েছে? তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।