স্টাফ রিপোর্টার ।।
নগরীর রায়েরমহল পশ্চিমপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সালমান শাহ (২৫) হত্যার দু’আসামী রব্বানী ও আফজালকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। নিহত সালমান শাহ রূপসা সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর সেজ ছেলে ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরিদাস আসামীদের আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এর আগে জেলহাজতে থাকা অপর আসামী আজিম খন্দকারের ছেলে জাহাঙ্গীর খন্দকার এর রিমা- শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে রায়েরমহল পশ্চিমপাড়ায় বন্ধু রোমান খন্দকারের আসে সালমান। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাহাঙ্গীর, আলমগীর, রব, দিপু ও পিন্টু খন্দকার ওত পেতে বসে থাকে। সালমান রাত ১০টার দিকে এলাকায় ঢুকলেই প্রথমে তাকে ডাক দিয়ে চোর বলে গণপিটুনি দেয়। স্থানীয় লোকজন ধরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। মিটফোর্ড হাসপাতালে ভর্তির ৮দিন পর মৃত্যুর সাথে লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহত সালমান শাহ’র ভাই মোহাম্মদ শাহিন শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় ৫জনকে আসামী করে মামলা করেন। আসামীরা হলেন আজিম খন্দকারের দু’ছেলে জাহাঙ্গীর খন্দকার ও আলমগীর খন্দকার, আব্বাস খন্দকারের ছেলে দিপু খন্দকার, রাব্বানী খন্দকারের ছেলে পিন্টু খন্দকার ও রব খন্দকার।











































