সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সহনশীল সুদে ঋন প্রদান করা হয়েছে। সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখা রবিবার বিকালে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ৫ লক্ষ করে টাকা ঋন প্রদান করা হয়। ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হাতে এ ঋনের টাকা তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন এস এম জাহাঙ্গির সিদ্দিক ঠান্ডু, সোনালী ব্যাংকের ঝিনাইদহ ডিজিএম ইকবাল কবির, শাখা ব্যবস্থাপক কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সরদার, গ্রাহক প্রধান শিক্ষক জগদিশ দেবাধিকারী, মিজানুর রহমান প্রমূখ।
সোনালী ব্যাংকের স্থানীয় শাখাসূত্রে জানাগেছে, কালীগঞ্জ উপজেলার মোট ৮০ জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে ৫ লাখ করে টাকা স্বল্পসুদে ঋন প্রদান করা হবে।
প্রধান অতিথি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, বর্তমান সরকার এ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করেছে। কেননা এরাই তো রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে পরাধিনতার নাগপাশ থেকে রক্ষা করেছে। তাদেরকে আজ আর্থিকভাবে স্বচ্ছল করতে স্বল্পসুদে ঋন প্রদান করা হচ্ছে ঠিকই কিন্ত তাদের ঋন জাতি কখনই পরিশোধ করতে পারবে না।











































