ঢাকা অফিস ।।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তফসিল আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ৮৬ তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় এই সংক্রান্ত কমিশন সভাটি অনুষ্ঠিত হবে।
জানা যায়, বুধবারের কমিশন সভা শেষে ইউপি’র দ্বিতীয় ধাপের ইউপি ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপনির্বাচন, মহিলা আসন-৪৫ শূন্য আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যেহেতু কমিশন চলতি বছরে সব নির্বাচন উপযোগী সব নির্বাচন আয়োজন সম্পন্ন করতে চায়। তাই পরের ধাপগুলোতে একটু বেশি সংখ্যক ইউপিতে ভোটগ্রহণ করা হতে পারে। দ্বিতীয় ধাপে কমবেশি এক হাজার ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।
আগামী বুধবার দ্বিতীয় ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, বিষয়টি কমিশন সভার এজেন্ডার মধ্যে রয়েছে। তবে সেদিন তফসিল ঘোষণা করা হবে কি না এটি কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এরআগে ইসি সচিব মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপি’র পরের ধাপের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিলো ১১ এপ্রিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নিধারণ করে ২১ জুন সেখান থেকে ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে কমিশন। স্থগিত রাখা হয় ১৬৭টি ইউপি ভোট। পরে স্থগিত থাকা ১৬১ ইউপিতে ২০ সেপ্টেম্বর সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। যোগাযোগ সমস্যার কারণে ২০ সেপ্টেম্বর সেন্টমার্টিনে এবং আরও পাঁচটি ইউপির প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে কমিশন।
বর্তমানে দেশে ইউপি সংখ্যা চার হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ মেয়াদ শেষ হয় ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে।











































