পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় নেতনা নাশক স্প্রে করে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ। অজ্ঞানকৃতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনিয়ে গত ১৫ দিনে তিনটি বাড়ির একই ঘটনা ঘটেছে। জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত বক্স গাজীর পুত্র আব্দুল হামিদ গাজীর বাড়ির লোকজন সোমবার রাত ১১ টার দিকে তাদের বাড়ির দুটি রুমে মিনারুল গাজী(৪২) আব্দুল হামিদের স্ত্রী রেহানা বেগম(৩৮) ও তার মা জরিনা বেগম (৭০) ঘুমিয়ে পড়ে। আব্দুল হামিদ গাজী জানান, আমাদের ঘরের জানালা খোলা থাকায় রাত আনুমানিক দুইটার দিকে চেতনা নাশক স্প্রে করে বলে ধারনা করছি। আমার স্ত্রী জানালার পাশে কাউকে দেখতে পেয়ে আমাকে ডাকলেও পরে আমি আমার স্ত্রী সহ সবাই অচেতন হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরাদের পরিবারের লোকজন হাসপাতালে। আব্দুল হামিদ গাজীর স্ত্রী রেহানা বেগম জানান, আমরা অচেতন হয়ে পড়লে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা সোনার গহনা, নগত ১৭ হাজার টাকা ও কানে থাকা দুল খুলে নিয়ে পালিয়ে যায়।
গত ৮ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের এক সেনা কর্মকর্তার বাড়িতে সেনা সদস্য সহ পরিবারের চার সদস্যকে চেতনা নাশক স্প্রে করে বাড়িতে থাকা সোনার গহনা ও নগত টাকা চুরি করে নিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার লস্কর ইউপির উত্তর খড়িয়ার অজিত গাইনের বাড়িতে পরিবারের চার সদস্যকে চেতনা নাশক স্প্রে করে নগত ৬০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এঘটনায় থানায় অজ্ঞাতদের নামে ১৭ সেপ্টেম্বর অভিযোগ করা হয়। একের পর এক এলাকায় এমন ঘটনা ঘটায় মানুষের ভিতর আতঙ্ক সহ উদ্বেগ দেখা দিয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, চেতনা নাশক স্প্রে করে মানুষের সম্পদ চুরি করে নেয়ার বিষয়টি আমি নিজেই তত্বাবধান করছি। ভ্রাম্যমান ডিউটি বাড়ানো হয়েছে। অচিরেই এই সংঘবদ্ধ চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।











































