Home জাতীয় বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে হত্যা বিএসএফের

বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে হত্যা বিএসএফের

28

খুলনাঞ্চল রিপোর্ট ।।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দলের সদস্যরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের কাছে এ ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক কলেজের প্রথমবর্ষের ছাত্র।

সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, ভারতীয় কাটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন মোহাম্মদ আলী। পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবব্ধ দল অবৈধভাবে ভারতীয় গরু পারাপার করতে থাকে। এ সময় ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশি গরু চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এতে ভারতীয় চোরাকারবারি মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে কাটাতারের গেট খুলে তার মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নেয় ভারতীয় বিএসএফের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। তবে কী কারণে গুলি করেছে তা আমার জানা নেই।’

এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, ‘বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। তবে নিশ্চিত হয়েছি তিনি বাংলাদেশি নাগরিক না।’