স্পোর্টস ডেস্ক ।।
খুলনার মিডিয়া অঙ্গণে মধুমতি চ্যালেঞ্জার্স অপ্রতিরোধ্য। যে কোনো মূল্যে মধুমতি চ্যলেঞ্চার্স জয়ের ধারা অব্যাহত রাখবে। ক্রিকেটের ধারাবাহিকতায় ফুটবলেও মধুমতি চ্যালেঞ্জার্স অপরাজিত চ্যাম্পিয়নের মর্যাদা আদায় করতে বদ্ধপরিকর।
খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ উপলক্ষে মধুমতি চ্যালেঞ্জার্সের কর্মকর্তা ও খেলোয়াড়দের সমন্বয় সভায় এ মনোবল ব্যক্ত করা হয়। দৈনিক পূর্বাঞ্চল ডায়লগ সেন্টারে গতকাল রবিবার সন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও মধুমতি চ্যালেঞ্জার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আলী সনি।
সমন্বয় সভায় পূর্বাঞ্চল সম্পাদক বলেন, আমাদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সবার সহযোগিতায় আর সবাইকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। খুলনা মিডিয়া কাপ ক্রিকেটে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। পরিচ্ছন্ন খেলা দিয়ে আমরা মিডিয়া কাপ ফুটবলেও জয় ছিনিয়ে আনতে চাই। সে লক্ষ্যে আমরা আমদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
সভায় খুলনা প্রেসক্লাবের সভাপতি ও মধুমতি চ্যালেঞ্জার্সের প্রধান সমন্বয়ক এস এম জাহিদ হোসেন বলেন, মিডিয়া কাপ খুলনার সাংবাদিক অঙ্গণে নতুন প্রাণ সঞ্চার করেছে। মধুমতি চ্যালেঞ্জার্স ইতিমধ্যে তার কৌশলী খেলা দেখিয়ে অভিনন্দিত হয়েছে। ক্রিকেটের মতো ফুটবলেও আমরা জয়ের বিকল্প কিছু ভাবতে চাই না।
সমন্বয় সভায় পূর্বাঞ্চল সম্পাদক ও মধুমতি চ্যালেঞ্জার্সের সত্ত্বাধিকারি মোহাম্মদ আলী সনিকে দলের ক্যাপ্টেন, বাংলা হেডলাইনের খুলনা প্রতিনিধি মো. মোস্তাকুজ্জামানকে কোচ, সংবাদ সংস্থা ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলমকে টিম ম্যানেজার মনোনীত করা হয়। এছাড়া সভায় দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সাহেব আলীকে সহকারী ম্যানেজার, স্টাফ রিপোর্টার প্রশান্ত বাছাড় ও মেহেদী হাচানকে ভাইস ক্যাপ্টেন এবং মাহমুদ হাসান সোহেলকে সহকারী সমন্বকয়ক মনোনীত করা হয়।
সভায় অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সময়ের খুলনা প্রতিনিধি এস এম কামাল হোসেন, নয়া দিগন্তের খুলনা প্রতিনিধি শেখ শামসুদ্দীন দোহা, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, দীপ্ত টিভির খুলনা প্রতিনিধি ইয়াসিন আরাফাত রুমি, সময়ের খবরের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মারুফ মিনা, পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান, প্রবাহের স্টাফ রিপোর্টার শেখ ফেরদৌস রহমান। সভায় আগামি শুক্রবার থেকে প্রাকটিস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।











































