মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
উপকূলীয় জেলেদের মাঝে রেডিও ও লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষাকারী দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের বেইসে আয়োজিত অনুষ্ঠানে মোংলার উপকূলীয় এলাকার জেলের হাতে লাইফ জ্যাকেট, লাইফবয়া, রেডিও, টর্চ লাইট, রেনকোট ও কম্বল তুলে দেন তিনি। এ সময় কোস্ট পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ৩০ জন জেলেকে এ জীবনরক্ষকারী সামগ্রী দেয়া হয়েছে। এর আগে উপকূলীয় এলাকার প্রায় ২শ জেলেকে কোস্ট গার্ড এ সহায়তা প্রদাণ করেছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিরুল হক বলেন, কোস্ট গার্ড’র এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ ও মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিয়মিত সাহায্য-সহযোগীতা করে আসছেন। ভবিষ্যৎতেও এমন সহযোগীতা প্রদাণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










































