ঢাকা অফিস ।।
এবার ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। কিছু বুঝে উঠার আগেই আক্রান্তরা চলে যাচ্ছেন সংকটাপন্ন অবস্থায়। ঝুঁকিতে পড়ছে জীবন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগের মধ্যেই শক সিনড্রোম দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক, কিডনী, হৃদপিন্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেন-থ্রি সেরোটাইপের কারণেই ডেঙ্গুর এমন ভয়াবহতা। যা আগের মৌসুমগুলোতে খুব একট দেখা যায়নি। জ্বর আসার পরপরই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এক তরুণের। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে দ্রুতই ভর্তি করা হয় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে।
একদিনের মাথায় প্লাটিলেট কাউন্ট নেমে আসে আট হাজারে। চিকিৎসকদের প্রানান্ত চেষ্টায় তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ডেঙ্গু জ্বর এবার এমনই। আক্রান্তদের মোটেও সময় দিচ্ছে না। জ্বর আসার পর বেশিরভাগ রোগী শকে চলে যাচ্ছে। লিভার, কিডনী, মস্তিষ্ক, হৃদপিন্ডে সমস্যা দেখা দিচ্ছে।
ন্যাশনাল গাইডলাইন ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম ২০১৮ অনুসারে, ডেঙ্গুর চারটি স্তরের মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তরে মূলত এই ধরনের জটিলতা দেখা দেয়।
২০১৯ সালে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিলো ডেঙ্গু। সেবার সংক্রমণ বেশি ছিলো কিন্তু, জটিলতা কম।
সলিমুল্লাহ মেডিক্যালের রেজিস্টার ইউসুফ আলী জানালেন, এবার হয়েছে উল্টোটা। বেশিরভাগ ডেঙ্গু আক্রান্তই সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছে। শিশুদের ক্ষেত্রে জটিলতা আরও বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর চারটি সেরোটাইপের মধ্যে এবার ডেন-থ্রি সেরোটাইপের প্রভাব বেশি। কেউ যদি আগে আগে অন্য কোনো সেরোটাইপে আক্রান্ত হয়ে পরে নতুন সেরোটাইপে আক্রান্ত হলে জটিলতা বেশি হয়।
করোনার মধ্যে ডেঙ্গু। তাই, জ্বর হলে দ্রুতই করোনা ও ডেঙ্গুর পরীক্ষা করিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।











































