সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
প্রয়োজনে সঠিক মালিকানা নির্ধারনে গরুর ডিএনএ টেষ্ট করা করা হবে। চোরেদের ফেলে যাওয়া গরু নিয়ে আদালতে মামলা জটিলতায় এমনই কথা বললেন থানা পুলিশ কর্মকর্তা। গরুর মালিকানা নিয়ে পুলিশ ও মালিকপক্ষ উভয়েই আদালতের দ্বারস্থ হওয়াতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত ১৮ আগষ্ট কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গরু উদ্ধার করে পুলিশ। যার মূল্য প্রায় চার লক্ষাধিক টাকা। সর্বশেষ গত ২৩ আগষ্ট ঝিনাই্দহের কালীগঞ্জের চারজন গরু মালিক আদালতের আশ্রয় নিয়েও গরু ফেরত না পাওয়াতে ভোগান্তীতে পড়েছেন তারা। গরুর পাওয়া পর্যন্ত খরচ হচ্ছে বেশ টাকা।
গরুর মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এস আই সুজাত হোসেন জানান, ১৮ আগষ্ট উদ্ধারকৃত ৬ টি গরু থানায় এনে জিডি ও পরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানাতে বেতার বার্তা প্রেরন করা হয়। এছাড়াও প্রকৃত গরুর মালিকদের প্রমাণাদিসহ থানাতে যোগাযোগের আহবান জানান। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে একাধিক মানুষ গরুগুলো দেখতে আসেন। এ সময়ে স্থানীয় চারজন ছাড়াও একাধিক ব্যক্তি মৌখিক ভাবে গরুগুলোর মালিকানা দাবি করছিলেন। যে কারনে পুলিশ বাধ্য হয়ে মালিকানা নিশ্চিত করতে একটি জব্দ তালিকা করে ঝিনাইদহে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তিনি আরো জানান, এ সংক্রান্ত দাবীকৃত মালিকগনের আদালতে দায়ের করা প্রতিবেদনটি তদন্তের জন্য গত ২৫ আগষ্ট থানাতে আসে। তিনি পূনরায় তদন্ত শেষে পরদিনই ওই প্রতিবেদনের জবাব আদালতে দাখিল করেন। ওই প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, গরুর দাবীকৃত মালিকগন উপযুক্ত প্রমাণদি দেখাতে পারেনি। তাই উপযুক্ত প্রমাণাদি দিয়েই প্রকৃত মালিকগন আদালত থেকে গরুগুলো গ্রহন করবেন। গরুর মালিকানা দাবীকৃত চার ব্যাক্তি হলেন, কালীগঞ্জ পৌর এলাকার মধুগঞ্জ বাজারের এনামুল হক ঈমানের তিনটি, মুন্নার একটি, ঢাকালে পাড়ার পারভেজ রহমান রচির একটি ও পৌরসভার পানির লাইনের কর্মচারী নুর ইসলাম একটি গরু।
গরু মালিকদের মধ্যে মধুগঞ্জ বাজারের এনামুল হক ঈমান জানায়, পুলিশের উদ্ধারকৃত গরু গুলির মালিক তারা চারজনই। উদ্ধারের পর থেকেই তারা বার বার থানাতে গেলেও গরু ফেরত দেয়নি পুলিশ। উল্টো দু’দিন পর থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় আদালত থেকেই গরু নিতে হবে। তাই বাধ্য হয়েই তারাও আদালতের দারস্থ হয়েছেন। পরবর্তীতে পুলিশের আদালতে পাঠানো তদন্ত প্রতিবেদনেরও পাল্টা নারাজি পিটিশন দিয়েছেন মালিকরা।
ক্ষতিগ্রস্থ গরু মালিকেরা আরো জানান, গরুর মালিকানা নির্ধারনে কি কি প্রমানপত্র দিতে হবে তা তারা বুঝে উঠতে পারছেন না। অথচ ভাগ্যক্রমে চোরেদের কবল থেকে গরুগুলো রক্ষা পেলেও এখন আইনি জটিলতায় থানা পুলিশ ভোগান্তীতে পড়ছেন। আবার পুলিশও ভালো করে যাচাই বাছাই না করে গরু দিতে পারছে না। এর কারন গরু উদ্ধারের পরেই গরুর চেয়ে মালিক বেশি ছিল। কাজেই অবিশ্বাস প্রথম থেকেই জন্ম নিয়েছে। ফলে সঠিকভাবে প্রমাণ না হওয়ায় পর্যন্ত কাউকে গরু দিতে পারছে না পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, অনেকেই গরুর মালিকানা দাবি করাতে তারা জব্দ তালিকা করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। পরবর্তীতে মালিকরাও আদালতে গরুর জন্য লড়ছেন। তাই প্রয়োজনে গরুর সঠিক মালিকানা নির্ধারনে ডিএনএ টেষ্টও করানো হতে পারে বলে তিনি যোগ করেন।











































