Home আঞ্চলিক খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট বন্ধ ঘোষণা

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট বন্ধ ঘোষণা

12

স্টাফ রিপোর্টার ।।

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগামী শনিবার থেকে হাসপাতালের আউটডোরে রোগী দেখা শুরু হচ্ছে। এছাড়া সোমবার থেকে ইনডোরে রোগী ভর্তি কার্যক্রম শুরু হবে। করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এই হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করা হয়েছে। তবে ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে যথারীতি করোনা রোগীদের চিকিৎসা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার ২০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ছিল ৭০ জন এবং আবু নাসের হাসপাতালে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি ছিল ১৯ জন। দুটি হাসপাতালের মোট ২৪৫টি শয্যার মধ্যে ১৫৬টি খালি রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, পুলিশ সুপার মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ জুন এই হাসপাতালে অন্যান্য সব সেবা বন্ধ করে দিয়ে ৭০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছিল। রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরবর্তীতে করোনা ইউনিটে আরও ১০টি শয্যা বাড়িয়ে ৮০টি শয্যা করা হয়েছিল।