স্টাফ রিপোটার।।
খুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হটাৎ করেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় তিনজনের প্রাণহানী হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে দুইজন এবং আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়। আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে, গতকাল মঙ্গলবার, সোমবার একজন করে এবং রবিবার দু’জনের মৃত্যু হয়েছিল।
তবে গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। খুলনার চারটি হাসপাতালে ১১৮জন চিকিৎসাধীন থাকলে জেনারেল (সদর) হাসপাতালে টানা চারদিন রোগী শুণ্য।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা সদর এলাকার বেল্লাল হোসেন (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার হাসিবুর রহমান (৮০)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খালিশপুরের আনজুমান আরা (৭৫)।
অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ৪৩, নড়াইলের ২, যশোর, গোপালগঞ্জ ও বরিশালের একজনের করে করোনা শনাক্ত হয়।











































