খুলনাঞ্চল ডেস্ক ।।
ঘুর্ণিঝড় হেনরি বিদায় নিতে না নিতেই যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানার গালফ উপকূলের দিকে এগিয়ে আসছে আইদা নামের এই ঘূর্ণিঝড়। প্রবল শক্তিশালী এই ঝড়ের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন অঙ্গরাজ্যটির হাজার হাজার মানুষ। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা নাগাদ হ্যারিকেন আইদা গালফ অব মেক্সিকো ও নিউ অরলিয়ানে আছড়ে পড়তে পারে। এ সময় প্রবল শক্তিশালী এই হ্যারিকেনের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ মাইল (২২০ কিলোমিটার)।
এদিকে, হ্যারিকেন আইদার কারণে লুইজিয়ানার বিপদাপন্ন মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পর অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, হ্যারিকেন আইদা এতটাই শক্তিশালী যে গত ১৫০ বছরের মধ্যে এই ঝড়টি সবচেয়ে বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। ঘুর্ণিঝড় আইদা নিয়ে যাতে আগে থেকে সবাই সতর্ক থাকেন, সে ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেকোনো সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলেও স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৬ বছর আগে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলেই আছড়ে পড়েছিল হ্যারিকেন ক্যাটরিনা। ভয়াবহ সেই দুর্যোগে ক্ষতিও হয়েছিল অনেক বেশি। সেই ভয়াবহ স্মৃতি এখনো যথেষ্ট আতঙ্কের কারণ। সেসময় নিউ অরলিয়ান শহরের ৮০ শতাংশ অঞ্চল ভেসে যায় বন্যায়, মৃত্যু হয়েছিল ১ হাজার ৮০০ মানুষের। ভয়াবহ সেই ঝড়ে ক্ষতিও হয়েছিল কোটি কোটি টাকার। আইদা অনেকটা ক্যাটরিনার রূপ ধারণ করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।











































