Home জাতীয় সেই বিমানের পাইলট নওশাদ কোমায়

সেই বিমানের পাইলট নওশাদ কোমায়

16

ঢাকা অফিস ।।

মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে আকাশে হার্ট অ্যাটাকের শিকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের অবস্থা সংকটাপন্ন। তিনি এখন ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে

লাইফ সাপোর্টে রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানান। বিমানের দিল্লি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবারই নাগপুর পৌঁছেছেন। তিনি সার্বক্ষণিক পাইলট নওশাদের খোঁজখবর রাখছেন। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশন (বাপা) এর সভাপতি মাহবুবুর রহমান জানান, ক্যাপ্টেন নওশাদকে নাগপুর কিংসওয়ে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার পাশে তার দুই বোন আছেন। সেখানে নওশাদের চিকিৎসার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, গতকাল সকাল থেকে ক্যাপ্টেন নওশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার দেহের বেশ কয়েকটি অঙ্গ কাজ করছে না। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা পরিবারের সঙ্গে আলাপ করে তার ভেন্টিলেশন খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রথমে ক্যাপ্টেন নওশাদের হার্ট অ্যাটাক হয়েছিল। তার হার্টের এনজিওগ্রাম করা হলে দুটি রক্তনালীতে ব্লক পাওয়া যায়। তবে মাত্র ৬০-৭০ ভাগ। এটি প্রায় স্বাভাবিক। এরপর তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি আনরেসপনসিভ ও আনকনশাস (কোনো সাড়া দিচ্ছেন না, সম্পূর্ণ অচেতন) অবস্থায় আছেন। গত শনিবার দুপুরে তাকে প্রায় আধা ঘণ্টা সিপিআর (বুকে চাপ দেয়াসহ নানা কৌশলে জ্ঞান ফেরানোর চেষ্টা) দেয়া হয়েছে। তবে চিকিৎসাশাস্ত্রের প্রটোকল অনুযায়ী এ ধরনের রোগীকে ভেন্টিলেশনে দেয়া হয়। তাকে এসআইসিইউতে পাঠিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে শতাধিক যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থ বোধ করেন। পরে ফ্লাইটটিকে মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন নওশাদ ফ্লাইটটিকে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইটটিকে নিকটস্থ নাগপুর বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দিলে ফার্স্ট অফিসার মুস্তাকিম ফ্লাইটটি অবতরণ করান। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন। শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়। মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকা বিমানবন্দরে নিয়ে আসা হয়।