স্টাফ রিপোর্টার ।।
আগস্ট মাসের শুরু থেকে খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে রোগী কমতে থাকে। গত এক সপ্তাহ রোগী ছিল ১০-এর নিচে। সেই থেকেই ২৫০ শয্যার এই হাসপাতালে করোনা ইউনিট বন্ধ করে সাধারণ চিকিৎসা কার্যক্রম শুরুর দাবি জানান খুলনার নাগরিক নেতারা। গত দুই দিন হাসপাতালে কোনো রোগী নেই। ফাঁকা পড়ে আছে বিশাল এই হাসপাতাল।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গত এক মাসে খুলনায় করোনা রোগী অনেক কমেছে। সরকারি সব হাসপাতালে অর্ধেকের বেশি শয্যা ফাঁকা পড়ে রয়েছে। এ অবস্থায় তারাও চান জেনারেল হাসপাতালে করোনা ইউনিট বন্ধ করে সাধারণ চিকিৎসা চালু হোক। কিন্তু জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত না হলে হাসপাতালটি সাধারণ চিকিৎসার জন্য উন্মুক্ত করা যাচ্ছে না।
সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটি ছিল নগরী ও পার্শ্ববর্তী উপজেলার নিম্নবিত্ত মানুষের অন্যতম ভরসাস্থল। করোনা সংক্রমণের আগে প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ থেকে ৪০০-৫০০ রোগী সেবা নিতেন। বিভিন্ন বিভাগে ভর্তি থাকতেন আরও দুই শতাধিক রোগী। কিন্তু গত ১৫ জুন থেকে হাসপাতালের সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ২০ জুন থেকে চালু হয় করোনা ইউনিট। সেই থেকে হাসপাতালে অন্যান্য চিকিৎসা কার্যক্রম বন্ধ।
সম্প্রতি জেনারেল হাসপাতালসহ খুলনার অন্যান্য হাসপাতালে করোনা রোগীর সংখ্যা কমে গেছে। বিশেষ করে জেনারেল হাসপাতালে গত দুই দিন করোনা ইউনিটে কোনো রোগী নেই। অথচ করোনা ইউনিটের জন্য চিকিৎসাবঞ্চিত হচ্ছেন সাধারণ রোগী। তারা স্বল্প খরচে অস্ত্রোপচারসহ জটিল সব রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদের পর থেকেই খুলনায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ কমেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ২০০ শয্যার পৃথক করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার রোগী ছিলেন ৬৬ জন, ২৮ আগস্ট ছিলেন ৬৫ জন, ২৭ আগস্ট ছিলেন ৬৫ জন। গত ১৫ দিন ধরেই হাসপাতালের ১৩০টির ওপরে শয্যা ফাঁকা থাকছে।
শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে গতকাল রোগী ছিলেন ২৫ জন, ২৮ ও ২৭ আগস্টও ছিলেন ২৫ জন। অর্থাৎ হাসপাতালের অর্ধেকও বেশি শয্যা ফাঁকা রয়েছে।
এ ব্যাপারে খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, হাসপাতালে সাধারণ চিকিৎসা চালুর জন্য আমরা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বৃহস্পতিবার সভাটি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। চলতি সপ্তাহে সভা হলে করোনা ইউনিট বন্ধ করে সাধারণ চিকিৎসা চালুর বিষয়টি অনুমোদন হবে বলে আশা করছি। তিনি বলেন, যেহেতু সব রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আমরা হাসপাতালের পরিচ্ছন্নতার কাজ শুরু করব। এতে ৭ দিন সময় লাগবে। আশা করছি আগামী শনিবার থেকে হাসপাতালে সাধারণ চিকিৎসা কার্যক্রম শুরু হবে।











































