স্টাফ রিপোর্টার ।।
ঘূর্ণিঝড় ইয়াসের তিন মাস পরেও শাকবাড়িয়া নদীর গাতিরঘেরি বেড়িবাঁধ বাঁধা হয়নি। বেড়িবাঁধ না হওয়ায় প্রতিদিন দুবার করে জোয়ারে ডুবছে ও ভাটায় জাগছে লোকালয়। জোয়ার-ভাটার খেলায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বেড়িবাঁধে খুপরিঘর বেঁধে বাস করছেন স্থানীয়রা। কেউবা আবার নোনা পানির ওপর টং বেঁধে বসবাস করছেন। এর সঙ্গে বৃষ্টির দুর্ভোগে অতিষ্ট মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জনায়, ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে লবণ পানিতে তলিয়ে যায় উপজেলার চার ইউনিয়নের ৫০টি গ্রাম। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার অতিমাত্রায় জোয়ারের পানিতে উপজেলার শাকবাড়িয়া ও কপোতাক্ষ নদীর প্রায় ৫০ কিলোমিটার বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে লবণ পানি প্রবেশ করে। ভেঙে যায় বেড়িবাঁধের ১২টি পয়েন্ট। ইতোমধ্যে ভেঙে যাওয়া ১০টি পয়েন্টের বাঁধ বাঁধা সম্ভব হলেও দুটি পয়েন্ট বাঁধা যায়নি। এ দুই জায়গায় প্রায় ১৩০টি পরিবার বেড়িবাঁধে বসবাস করছে।
বেড়িবাঁধের ওপর বসবাসকারী গাতিরঘেরি গ্রামের অলোকা রানী বলেন, আমাদের আর কিছু নেই, ঘরবাড়ি হারিয়ে তিন মাস ধরে রাস্তায় বসবাস করছি। যেটুকু জমি ছিল এর আগে আইলার তা-বে তা ভেঙে নদীতে চলে গেছে। কয়দিন আগে তিন কাঠা জমি কিনে একটা ঘর বাঁধা শুরু করেছিলাম। সে ঘরে একটি রাতও থাকতে পারিনি। সব ভেসে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে এবারের জলোচ্ছ্বাসে।
একই গ্রামের জেলে সুব্রত সরকার বলেন, নদী ভেঙে আমরা পানিবন্দি হয়ে পড়েছি প্রায় তিন মাস হলো। এখনো বাঁধ হয়নি। না খেয়ে অনেক কষ্টে খোলা আকাশের নিচে বাস করছি। সুন্দরবনে পাশ বন্ধ, দিনমজুরের কাজও হচ্ছে না। সরকারি ও বেসরকারিভাবে যে সহযোগিতা পেয়েছি তাই খেয়ে কোনো রকমে দিন পার হচ্ছে।
উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কোম্পানী বলেন, গাতিরঘেরির ভেঙে যাওয়া বাঁধ টেন্ডার আহ্বান করা হলেও কেন কাজ করা হচ্ছে না তা আমার জানা নেই। এলাকার মানুষ সীমাহীন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহ প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, শাকবাড়িয়া নদী ও কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া দুটি পয়েন্টের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে গাতিরঘেরিতে ঠিকাদার কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্য বাঁধা সম্ভব হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, উত্তর বেদকাশির গাতিরঘেরি ও মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামে যারা ঘরবাড়ি হারিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছে তাদের জন্য সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে।
কয়রা-পাইকগাছার সংসদ-সদস্য মো. আক্তারুজ্জামান বলেন, কয়রার ভেঙে যাওয়া গাতিরঘেরি এলাকা কয়েকবার পরিদর্শন করেছি। সেখানকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বাঁধের কাজ খুব সীমিত সময়ের মধ্যে শেষ করা হবে।











































