স্পোর্টস রিপোর্টার //
প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে আগেই। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়েছে তাদের চার ম্যাচ বাকি থাকতেই। রানার্সআপ ট্রফির দৌঁড়ে এগিয়ে ছিল শেখ জামাল ও ঢাকা আবাহনী। এবার সেই ট্রফি নিশ্চিত করেছে ধানমন্ডির দলটি।
শুক্রবার আর্মি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে রানার্সআপ হয়। ২৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪৬। শেষ ম্যাচে জিতলেও শেখ জামালকে ধরতে পারবে না তারা।
ম্যাচের ৫২ ও ৮৮ মিনিটে দু’টি গোলই করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম। হলুদ কার্ড জটিলতায় এ ম্যাচে খেলতে পারেননি মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকায় স্বাভাবিক খেলা খেলতে পারেননি ফুটবলাররা। ম্যাচের শেষ দিকে এসে মেজাজ হারান দু’দলের ফুটবলাররা। হাতাহাতিতেও লিপ্ত হন। ফলে ম্যাচের অন্তিম সময়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের উজবেক ফুটবলার জনোব ওতাবেক।
এছাড়া মোহামেডানের এক বল বয়কেও লাল কার্ড দেখান রেফারি। ফলে তৈরি হয় উত্তেজনার। যদিও তা নিয়ন্ত্রণে আনেন রেফারিরা। শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। সমান ম্যাচ খেলা মোহামেডান ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। ৭২ মিনিটে অলব্লুজদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মো. খালেকুজ্জামান (১-০)। এই জয়ে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে শেখ রাসেল। ২৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে লিগ শেষ করা পুলিশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পুরানো ঢাকার ক্লাবটিকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্স চিদি (১-০)। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদুল হাসান অনিক (২-০)। ৭৩ মিনিটে আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই চিদি (৩-০)। ২৫ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে থেকে লিগ শেষ করল রহমতগঞ্জ। মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আগেই অবনমন নিশ্চিত করা আরামবাগ।











































