মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলার গিয়াস উদ্দিন সড়কের একটি বাড়ীর বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৪টায় মোংলার মাকোরডোন এলাকার বাসিন্দা কবির শেখের মেয়ে ও গিয়াস উদ্দিন সড়কের হোসেন খাঁর ছেলে মোঃ কামরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তারের (১৯) ঝুলন্ত লাশটি স্থানীয়রা উদ্ধার করে। এরপর মোংলা থানা পুলিশের সহায়তায় ময়না তদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট মর্গে পাঠানে হয়েছে।নিহত জেসমিন আক্তারের পিতা মোঃ কবির শেখ জানান, গত কয়েক দিন যাবৎ তার জামাতা কামরুল ইসলাম তাদের কাছে কিছু টাকা পয়সা দাবী করে আসছিলেন। আর টাকা চাওয়ার ঘটনায় তাদের স্বামী- স্ত্রীর মধ্য ঝগড়াঝাটি হয়। এছাড়া কামরুল ইসলামের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক রয়েছে। প্রায় সময় কামরুল ফোনে ওই মেয়ের সাথে কথা বলতো। এনিয়েও জেসমিন ও কামরুলের মধ্য ঝগড়াঝাটি হতো প্রায়ই। তিনি বলেন, বৃহস্পতিবার কামরুল তাদেরকে ফোন দিয়ে বলেন, তার স্ত্রী জেসমিনকে তাদের বাড়ীতে (বাবার বাড়ীতে) নিয়ে যেতে। এরপর রাতে তারা একই খাটে তাদের শিশু সন্তানসহ ঘুমান। কিন্তু ভোরে কি করে তার মেয়ে জেসমিন আত্মহত্যা করে? তারা কেন টের পাননি, এমন প্রশ্ন নিহত জেসমিনের পিতার।
লাশ উদ্ধারকারী মোংলা থানার এসআই আমিত রায় জানান, ঘরের আড়া থেকে স্থানীয়রা লাশটি পুলিশ যাওয়ার আগেই উদ্ধার করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা প্রমাণ করতে লাশটি ময়না তদন্তে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। নিহত জেসমিনের শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, বুকের বাম পাশে কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।মোংলা থানার ভারপ্রাপ্ত মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশের ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।











































