লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ।।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে হেলিকপ্টারযোগে বাড়ি ফিরলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী হাবিবুর রহমান।
তার ছেলে আলিউর রহমান বলেন, ‘পিতার শেষ ইচ্ছাপূরণ করতে তাকে হেলিকপ্টারে করে বাড়িতে আনা হয়েছে। আপনারাও বাবা-মার ইচ্ছাপূরণ করার চেষ্টা করবেন।’
হাবিবুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশকিছু দিন ধরে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তার সন্তানরা প্রায় এক মাস আগে তাকে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান ছেলেদের কাছে জীবনে একবার হেলিকপ্টারে চড়ার ইচ্ছা পোষণ করেন। হাবিবুর রহমানের ইচ্ছা পূরণ করতে তার সন্তানরা বৃহস্পতিবার বিকালে বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টারে করে তাকে বাড়িতে নিয়ে আসে। এসময় এলাকার উৎসুক জনতা হেলিকপ্টার দেখার জন্য ভিড় করেন।











































