মোংলা (বাগেরহাট) প্রতিনিধি//
লকডাউন তুলে দেয়ার পর থেকে মোংলায় করোনা পরীক্ষায় রোগীদের আগ্রহ কমেছে, তাই কমছে শনাক্তের হারও। তবে বেড়েছে করোনা প্রতিষেধক টিকা গ্রহণকারীদের সংখ্যা। বুধবার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ৮শ নারী পুরুষের ভিড় দেখা গেছে। টিকা নিতে আসা লোকজনের মাঝে নেই কোন স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি ও আগে টিকা নেয়ার প্রতিযোগিতা ছিল লোকজনের মাঝে। এ নিয়ে শংকা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, বর্তমানে করোনা পরীক্ষা ও শনাক্তের হার কমেছে, তবে আগ্রহ বেড়েছে টিকা গ্রহণকারীদের। শত চেষ্টা করেও টিকা নিতে আসা লোকজনদের কোনভাবেই স্বাস্থ্য বিধি মানানো যাচ্ছেনা। তাই টিকা নিতে এসে নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি আরো জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে মে, জুন, জুলাই ও আগস্টের এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৫শ ৭৫ জন করোনা পরীক্ষা করিয়েছেন, তাদের মধ্যে ৭শ ১৫ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। আর তাদের তথ্যনুযায়ী এ সময়ের মধ্যে করোনায় মারা গেছেন ৮ জন।
তবে বেসরকারীভাবে মৃতের সংখ্যা প্রায় ৫১ জন। বুধবার টিকা নিচ্ছেন ৮শ জন, এর আগে মঙ্গলবার নিয়েছেন ৭শ ৩ জন। এ পর্যন্ত এখানে টিকা নিয়েছেন ২০ হাজার ৯০৪ জন।











































