নড়াইল প্রতিনিধি ।।
নড়াইলের কালিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রউফ মোল্যা নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত ১৪ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও মঙ্গলবার (২৪ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
ধর্ষণের শিকার শিশুটির স্বজনেরা জানান, গত ১৪ আগষ্ট দুপুরে শিশুটি তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। এ সময় তার প্রতিবেশী দাদা রউফ মোল্যা পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন এবং ধর্ষণ করেন। পরে ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকি দেয়। তবে ঘটনার পর শিশুটির রক্তক্ষরণ হতে দেখে স্বজনরা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে নির্যাতিতাকে চিকিৎসার জন্য খুলনা পাঠিয়ে দেওয়া হয়। খুলনা নেওয়ার পর চিকিৎসকের মাধ্যমে শিশুটির ধর্ষণ হবার বিষয়টি জানতে পারেন স্বজনরা।
তবে ১৪ থেকে ১৭ আগষ্ট পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেও শিশুটির কারও নাম বলেনি।
এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর ধকল কিছুটা কাটিয়ে উঠলে শিশুটি ধর্ষণের ঘটনায় প্রতিবেশী দাদা রউফ মোল্যার কথা জানায়। এর পরই মামলা না করতে বাধা দেওয়াসহ রউফ মোল্যার প্রভাবশালী পরিবারের পক্ষ থেকে শুরু হয় নানা ধরনের হুমকি। অব্যাহত ভয়ভীতি উপেক্ষা করে পৈশাচিকতার বিচার দাবিতে মঙ্গলবার দুপুরে স্বজনরা পুলিশের দারস্থ হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তৎক্ষণাৎ অভিযুক্ত রউফ মোল্যাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। ইতোপূর্বেও রউফ মোল্যা এ ধরনের ঘটনা ঘটিয়ে ভয়ভীতি দেখিয়ে সেসব ঘটনা ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ওসি বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।










































