মণিরামপুর (যশোর) প্রতিনিধি //
যশোরের মণিরামপুরের রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন নেই। ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে ভূমি অফিসের কাজ। প্রথম দিকে ভবনটি কাজের উপযোগী থাকলেও বেশ কয়েক বছর ধরে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।খসে পড়ছে ভবনের দেওয়াল ও ছাদের পলেস্তারা। একটু বৃষ্টি হলেই ভিতরে গড়িয়ে পড়ছে পানি। নষ্ট হচ্ছে মূল্যবান কাগজপত্র।
ছাদ ফেটে যাওয়ায় কয়েকদিন ধরে বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা চলছে অফিসের কাজ। যে কোনসময় ছাদ ধসে রয়েছে প্রাণহানির আশঙ্কা। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি অফিস স্টাফসহ সেবাগ্রহীতাদের।
রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস আব্দুল লতিফ বলেন, ৫-৭ বছর ধরে অফিসের খারাপ অবস্থা। আফিস কক্ষের দেওয়াল ও ছাদ ফেটে গেছে। বাঁশের খুঁটি দিয়ে ছাদ ঠেস দিয়ে রেখেছি। বর্ষার সময় ভিতরে পানি পড়ে। বসা যায় না। ক’দিন আগে নায়েবের কক্ষে ফ্যান খুলে পড়েছে। ভিতরে কেউ ছিল না বলে বাঁচা।
তিনি বলেন, উপর থেকে স্যারেরা আসলে ভয়ে ভেতরে ঢোকেন না। আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি। কখন যে ছাদ ভেঙে গায়ে পড়ে সেই ভয়ে আছি। তারপরও আছি, ছাদ গায়ে পড়ে মরলে স্ত্রী সন্তানতো কিছু টাকা পাবেন।
মুক্তার হোসেন নামে এক সেবাগ্রহীতা বলেন, ভূমি অফিসের যে অবস্থা তাতে ভিতরে ঢুকতে ভয় লাগে। এত খারাপ বিল্ডিংয়ে সরকারি অফিস চলতে পারে না। তাড়াতাড়ি নতুন ভবন নির্মাণের দরকার। রোহিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ১৯৬২ সালে নির্মাণ করা ইউনিয়ন পরিষদের এই ভবনটি। এখন একেবারেই জরাজীর্ণ। রেকর্ডপত্র সংরক্ষণ করা যাচ্ছে না। অনলাইনে কাজ চলায় সেবাগ্রহীতাদের বেশ চাপ। খুব ঝুঁকিতে আছি।
সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী বলেন, রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। উপস্থিত বাইরের কোন ভবন ভাড়া নিয়ে কাজ চালানোর কথা ভাবছি। আগামী মাসে ভাড়া ভবনে অফিস স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।











































