ঢাকা অফিস ।।
চলতি বছর অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচন, উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি জানান, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকে কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনের উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা করা হবে। ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের এনআইডি দেওয়ার বিষয়ে তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর
আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দুই দিন আগে এটি বন্ধ করা হয়েছিল, তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।
সিলেট-৩ আসনে দুইবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুই দিন আগে, ২৬ জুলাই এই আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এই আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।











































