খবর বিজ্ঞপ্তি ।।
খুলনার খালিশপুর ও দৌলতপুরসহ ৫টি জুট মিলের অস্থায়ী দৈনিকভিত্তিক সকল শ্রমিকের পাওনা পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর দাবিতে খালিশপুর ও দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে আজ ২২ আগস্ট রবিবার বেলা সাড়ে ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, বন্ধকৃত ২৫টি পাটকলের মধ্যে খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, জাতীয় জুট মিল, আর আর জুট মিল, কেএফডি জুট মিল ‘নো ওয়ার্ক নো পে’র ভিত্তিতে পরিচালিত। এই ৫টি জুটমিলের মধ্যে খালিশপুর ও দৌলতপুর জুট মিল খুলনা জেলায় অবস্থিত। পাটকল বন্ধ হওয়ার আগ পর্যন্ত মিলের শ্রমিকরা মজুরী কমিশনের সকল ধরনের সুযোগ-সুবিধা পেয়ে এসেছে। কিন্তু পাটকল বন্ধের প্রায় ১৪ মাস অতিবাহিত হবার পরও ৫টি মিলের শ্রমিকরা এরিয়ারের টাকা পায়নি। সরকার ঘোষিত ২ মাসের লকডাউনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। স্মারকলিপিতে আরো বলা হয়, ২০০৯ সালে সংসদ নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে চাকরী দেয়া হবে, দেশের কোন শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা হবে না, বন্ধ সকল শিল্প প্রতিষ্ঠান চালু করা হবে। অথচ সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় শিল্প বিরোধী ভূমিকায় অবতীর্ণ হলেন। পাটকল বন্ধের পর থেকে তারা মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের জোর দাবি জানায়। একই সাথে রাষ্ট্রায়ত্ত পাটকল পিপিপি, লিজ বা ব্যক্তিমালিকানায় নয়, রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়ন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑখালিশপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমীন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বদলী-দৈনিকভিত্তিক খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা আবু বকর সিদ্দিক, আবদুল হাকিম, জিনাত, দুলাল, সুমন, সুজন, আবুল কালাম প্রমুখ।










































