Home জাতীয় ভোট নিয়ে বসছে ইসি

ভোট নিয়ে বসছে ইসি

14

ঢাকা অফিস ।।

জাতীয় সংসদের শূন্য আসনে উপ-নির্বাচন, প্রথম ধাপের স্থগিত থাকা ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) নির্বাচনের আয়োজন করা ও মেয়াদোত্তীর্ণ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে এই বৈঠক আগামী ২৩ আগস্ট আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

স্থগিত ও মেয়াদোত্তীর্ণ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন সেপ্টেম্বরের প্রথম দিকে করতেই হবে। এছাড়া স্থগিত থাকা ও মেয়াদোত্তীর্ণ নির্বাচনের বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- সিলেট-৩ শূন্য আসনের স্থগিত নির্বাচন সম্পন্ন করা; কুমিল্লা-৭ শূন্য আসনের নির্বাচন; স্থগিত ৯টি পৌরসভার নির্বাচন সম্পন্ন করা; প্রথম ধাপের স্থগিতকৃত ১৬৭টি ইউপির নির্বাচন সম্পন্ন করা; ইউপির দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ নির্বাচন এবং শূন্যপদে উপ-নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ; ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করা বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা; এবং বিবিধ।

ইসি সূত্র জানায়, করোনা পরিস্থিতি দেখে সভায় সিলেট-৩ আসনের ও প্রথম ধাপের স্থগিত হওয়া ইউপি ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। পরবর্তীতে সেপ্টম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ দিয়ে দ্বিতীয় সপ্তাহের শুরুতে সিলেট-৩ আসনে উপনির্বাচন এবং তৃতীয় সপ্তাহের মধ্যে স্থগিত থাকা ইউপি ভোট আয়োজন করা হতে পারে।

সূত্র আরও জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরেই দ্বিতীয় ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।

সিলেট-৩ আসনে দুইবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুইদিন আগে, ২৬ জুলাই এই আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এই আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া প্রথম ধাপে ৩৭১টি ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করলেও করোনার কারণে সেখান থেকে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করে ২০৪ ইউপিতে ভোটগ্রহণ করে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক প্রতিষ্ঠানটি।